নবীন বিজ্ঞানীদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলায় সবার আগ্রহ দেখা গেল দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী খতিজা আক্তার ও শিল্পী আক্তারের দ্বিতল ট্রেনটির প্রতি। এ প্রকল্পটির বাস্তবায়ন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার সমাধান হবে—এমন মন্তব্য অনেকের। দোতলা ট্রেনটির বগি, ইঞ্জিন, রেল লাইন সবারই দৃষ্টি আকর্ষণ করে। শুধু দোতলা ট্রেন নয়, নিজেদের তৈরি আরও অনেক প্রকল্প নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। তরুণদের বিজ্ঞানমনস্ক করার লক্ষ্যে এবারও ওমরগনি এমইএস কলেজে হয়ে গেল তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রদর্শনী। মেলা চলে ২০-২২ জানুয়ারি। তবে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি মানবিক বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র পিম্পল বড়ুয়া, কমর উদ্দীন মুহাম্মদ রেজা ও তানভীর বিন ফয়সাল খানের যৌথভাবে প্রদর্শিত সকাল-সন্ধ্যায় স্বয়ংক্রিয়ভাবে সড়কবাতি জ্বলানো-নিভানো প্রকল্পের পরিচ্ছন্ন নগর মডেলটিও সবার দৃষ্টি কাড়ে। এতে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোর অভাবে সড়ক-মহাসড়কের সড়কবাতি স্বয়ংক্রিভাবে জ্বলে ওঠে এবং ভোরের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সকল বাতি নিভে যায়। কমর উদ্দিন বলেন, ‘সকালে উঠে যখন কোচিংয়ে যেতাম সড়ক বাতিগুলো জ্বলতে দেখতাম আর ভাবতাম এটা তো একটা বড় অপচয় এটা কীভাবে রোধ করা যায়, সেই ভাবনা থেকেই আমরা এই প্রকল্পটি তৈরি করেছি।’ এ ছাড়াও ছিল নিরাপদ টেবিল চুলা, সৌর আলো থেকে ব্যাটারি চার্জ, লেবু থেকে বিদ্যুৎ উৎপাদন, স্বল্প খরচের জুম টেলিস্কোপ, কক্ষ তাপমাত্রা নির্ণয়, নির্দিষ্ট উষ্ণতায় স্বয়ংক্রিয়ভাবে ফ্যান চালু, ছাদের বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি প্রকল্প। শেষ দিনে বিচারকদের মূল্যায়নে সকাল-সন্ধ্যায় সড়কবাতি স্বয়ংক্রিয়ভাবে নিভানো জ্বালানো—প্রকল্পটি প্রথম, দুইতলা ট্রেন (ডবল ডেকার ট্রেন)—দ্বিতীয় ও ছাদের বৃষ্টির পানি থেকে বিদ্যুৎ উৎপাদন—প্রকল্পটি তৃতীয় স্থান অর্জন করে। শেষ দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী। বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের সার্বিক দায়িত্বে ছিলেন অধ্যাপক নোমান আহমাদ সিদ্দিকী।