নবীন শিল্পমাধ্যম ভিডিও আর্টের ওপর ওয়ার্কশপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতানুগতিক শিল্পচর্চার পাশাপাশি অভিনব ও নতুন মাধ্যমে শিল্পচর্চায় আগ্রহীদের সঙ্গে নিয়ে কালজয়ী স্বপ্নে ‘পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টস’ যাত্রা শুরু করেছে ২০০৪ সালে। গত ১৮ ও ১৯ জুন তাদেরই আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘পোড়াপাড়া ভিডিও আর্ট ওয়ার্কশপ’। এর পরিচালক ছিলেন শিল্পী রায়হান আহমেদ এবং সমন্বয়কারী ছিলেন গুণী শিল্পী আবু নাসের। কোরিয়ার সিউলে ইপো গ্যালারির স্বত্বাধিকারী, মিডিয়া অ্যাক্টিভিস্ট শিল্পী জিওন পার্ক এ ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘ভিডিও আর্ট’ কর্মশালাটি শুরু হয় পৃথিবীখ্যাত ভিডিও শিল্পী এবং জিওন পার্কের শিল্পকর্মের উপস্থাপন ও মতবিনিময়ের মধ্য দিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে শিল্পের ভাষা। কম্পিউটারের যুগে শিল্পের মাত্রাও পেয়েছে ভিন্নতা। এই ভিন্নমাত্রায় ‘ভিডিও আর্ট’ একটি বিশেষ জায়গা দখল করে নিয়েছে। ‘ভিডিও আর্ট’ আমাদের দেশে নতুন হলেও বহির্বিশ্বে এই আর্টের সূচনাকাল গত শতকের ষাটের দশক। ভিডিওর মধ্য দিয়ে নিজের ভেতরের আবেগকে শিল্পকলার মাত্রায় কীভাবে পৌঁছে দেওয়া যায়, কল্পনার রঙের সঙ্গে বাস্তব ছবিকে জুড়ে দিয়ে কী করে তাকে শিল্পের উপযোগী করে তোলা যায়—এসব বিষয় আলোচনার পাশাপাশি কারিগরি শিক্ষায় হাতেখড়ি দেওয়া হয় এ কর্মশালায়। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পী এবং শিল্পশিক্ষার্থীরা হলেন—আলেপতেগীন তুষার, জাহেদ আলী চৌধুরী, শায়লা শারমিন, জয়দেব রোয়াত্যা, আরিফুজ্জামান মোহন, পলাশ ভট্টাচার্য্য, রিপন সাহা, তাসলিমা আকতার, আফসানা শারমিন, উদয় দেবনাথ, রবিউল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, মুক্তারুজামান মুকুল, জিহান করিম, মেহেরুন আকতার, সোহরাব জাহান, মঞ্জুরুল আলম, অবন্তি চাকমা, ইরাসুল হক এবং অপু ধর।কর্মশালাটি অনুষ্ঠিত হয় ‘পোড়াপাড়া স্পেস ফর আর্টিস্টস’-এর সিটি স্পেস সিনেমা প্যালেসে এ। অবিরাম বৃষ্টিতে কাকভেজা শিল্পীরা স্ব-প্রতিভায় প্রজ্জ্বলিত ছিলেন যাঁর যাঁর সৃষ্টিতে। ১১-১৩ জুলাই বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারি ভবনে কোরিয়ান শিল্পী জিওন পার্কের কাজের পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের কাজের প্রদর্শনী হবে।