নবীন শিল্পীদের নিয়ে অভ্যুদয়ের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসি মিলনায়তনে অভ্যুদয় আয়োজিত সংগীতসন্ধ্যায় এক শিল্পীর পরিবেশনা
টিআইসি মিলনায়তনে অভ্যুদয় আয়োজিত সংগীতসন্ধ্যায় এক শিল্পীর পরিবেশনা

বছরের প্রথম দিন ১ জানুয়ারি সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার মিলনায়তনে বসে সংগীতসন্ধ্যার আয়োজন। গানের সুরে নতুন বছরকে বরণ করে নেন সংগীতশিল্পীরা। ‘আপনালয়ে অভ্যুদয়’ শিরোনামে নবীন শিল্পীদের নিয়ে এই সংগীতসন্ধ্যার আয়োজন করে অভ্যুদয় সংগীত অঙ্গন।
আয়োজনের শুরুতে কথামালা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিল্পী প্রদ্যোৎ মজুমদার। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন বসাক। কথামালা পর্ব শেষে সমবেত কণ্ঠে ‘বিপুল তরঙ্গ রে’ পরিবেশনের মাধ্যমে শুরু হয় সংগীতায়োজন। এরপর একে একে একক সংগীত পরিবেশন করেন ঐশী নন্দী, অনন্যা দাশ, ঐশ্বর্য দাশ, অনুদীপ্তা ভট্টাচার্য, বৃন্তা দত্ত, তাসমিন আহমেদ, ফাতেমা তুজ জোহরা, দীপ রায়, পিয়া দাশ, মুনমুন সেন, সুনন্দা সাহা রায়, মৌ দত্ত, আরাফাত জাহান, শ্রেয়া চৌধুরী, সৌরভ কর ও শ্রাবণী চৌধুরী। নবীন শিল্পীরা রবীন্দ্রসংগীত ‘আমার মাথা নত করে দাও’, ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে’, ‘দুয়ারে দাও মোরে রাখিয়া’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি’ ও অতুল প্রসাদের ‘যাব না যাব না যাব না ঘরে’ পরিবেশন করেন।
একক পরিবেশনা শেষে সমবেত কণ্ঠে ‘মাঝে মাঝে তব দেখা পাই’ পরিবেশন করেন অভ্যুদয়ের নবীন শিল্পীরা। অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় ছিলেন শিল্পী শ্রেয়সী রায় ও সঞ্চালনায় সেঁজুতি দে। বেহালায় রিকি বসাক, তবলায় শুভ ও সানি দে শিল্পীদের সহযোগিতা করেন।