নবীনদের বিজ্ঞান প্রদর্শনী
প্রায় বিনা খরচেই পানি শোধনের যন্ত্র (ফিল্টার মেশিন) তৈরি করেছেন চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোহাইমিনুল ইসলাম। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল আর বিভিন্ন ধরনের বালি ও নুড়ি পাথরের সমন্বয়ে এ যন্ত্র তৈরির প্রেক্ষাপট তুলে ধরে মোহাইমিনুল বলল, ‘আমাদের দেশের দরিদ্র মানুষের ফিল্টার কেনার সামর্থ্য নেই। তাই আমি ব্যবহূত পানির বোতল দিয়ে এ ফিল্টার তৈরি করেছি।’১৪ ও ১৫ অক্টোবর নগরের ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে বসেছিল নবীন বিজ্ঞানীদের মেলা। দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে দ্য ডেইলি স্টার-ব্যাংক এশিয়া-দৃষ্টি বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। তিনি বলেন, ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে না পারলে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পিছিয়ে যাব। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সমাজের সব স্তরে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে।’ এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।দৃষ্টির আয়োজনে এটি তৃতীয় বিজ্ঞান উৎসব। স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। অনুষ্ঠানে ঘরের বাইরে থেকেও মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণের প্রযুক্তি দেখান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থী প্রাঞ্জল সাহা। পৃথিবীতে প্রযুক্তিসুবিধা সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তির। এসব প্রযুক্তিতে মুঠোফোন একটি বহুল ব্যবহূত যন্ত্র। আমার প্রকল্পে তাই মুঠোফোন ব্যবহার করেছি।’বর্তমান সময়ে দেশের অন্যতম বড় সমস্যা লোডশেডিং। এ সমস্যা ভাবিয়ে তুলেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থীকে। বিদ্যুতের অপচয় না করে লোডশেডিং থেকে বাঁচানোর জন্য তারা তৈরি করেছে বিশেষ পদ্ধতি (লক সিস্টেম)। এ পদ্ধতিতে ঘরের প্রধান দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ঘরের সব বৈদ্যুতিক যন্ত্র। ভুল করে ঘরের ভেতর কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু থাকলেও তা বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এতে বিদ্যুতের অপচয় বন্ধ হবে।’ জানাল দলের প্রধান ফারিয়া আজাদ। উৎসবের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ প্রদর্শনী চলে। সমাপনী দিন বিকেলে দৃষ্টি চট্টগ্রামের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচনকারী দলের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক হাসিনা খান ও চট্টগ্রাম বিজ্ঞান পরিষদকে। অতিথির বক্তৃতায় হাসিনা খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পরিশ্রম আর ধৈর্যই তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। তাই ছাত্রাবস্থা থেকেই কঠোর পরিশ্রম করতে হবে।’অনুষ্ঠানস্থলে ছোট ভাইকে নিয়ে এসেছিলেন সাদিয়া ইসলাম। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘ছোট ভাইয়ের সঙ্গে এলেও আমার খুব ভালো লাগছে। বিজ্ঞানবিষয়ক নানা মজার অভিজ্ঞতা হলো।’ বিজ্ঞান প্রদর্শনী ছাড়াও উপস্থিত বক্তৃতা, স্পট কুইজ, প্রীতি বিতর্ক ও বায়োঅলিম্পিয়াডে জমজমাট ছিল উৎসবের পুরো দুদিন।