নবীনদের স্থাপত্য প্রদর্শনী
একটি ভবনের নকশা করার সময় স্থপতিদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। ভবনটি কী কাজে ব্যবহূত হবে, কোথায় অবস্থিত ইত্যাদি। এ বিষয়গুলো মাথায় রেখে স্থপতিরা একটি ভবনকে নান্দনিক করে তোলেন। তেমন নান্দনিক বহু ভবন পৃথিবীবাসীর কাছে রীতিমতো শিল্পের মর্যাদা পেয়েছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত স্থাপত্যশৈলীর প্রদর্শনী সে কথাই দর্শকদের বারবার মনে করিয়ে দিচ্ছিল। চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় প্রদর্শিত নবীন শিক্ষার্থীদের স্থাপত্যশৈলী উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। গত ৩০ মে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ স্থাপত্যশৈলীর প্রদর্শনীর শেষ হবে আজ রোববার। গত বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান আবু ইউসুফ, প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মুনীর, আইন বিভাগের তানজিনা আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। গত বছরের সেপ্টেম্বর মাসে অনুমতি পাওয়ার পর এ বছর জানুয়ারি থেকে ২৮ জন শিক্ষার্থী নিয়ে স্থাপত্য বিভাগ চালু করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। পেরেক, সুতা, স্কেচ, কাঠ বোর্ডের কাঠামো ও ল্যাম্প ব্যবহার করা হয়েছে এই প্রদর্শনীতে। পোর্ট্রেটে সর্বকালের সেরা সাতজন স্থপতির প্রতিকৃতিও স্থান পায়। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী উম্মে হাফসা বলেন, ‘অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা কাজগুলো করেছি। বিশেষ করে একেকটি পোর্ট্রেট করতে প্রায় সাত-আট ঘণ্টা লেগেছে। কাছ থেকে দেখলে এগুলোকে শুধু ছোট ছোট বর্গক্ষেত্র মনে হয়, কিন্তু দূর থেকে দেখলে মানুষের মুখচ্ছবি স্পষ্ট দেখা যায়।’ ভবনের সপ্তম ও অষ্টম তলার প্রদর্শনীর পাশাপাশি প্রতিটি তলায় ছিল অপটিক্যাল ইলিউশন প্রদর্শনী। এসবের সঙ্গে বিশ্বের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপত্যশিল্পের প্রদর্শনীও দেখানো হচ্ছে। প্রদর্শনী সম্পর্কে বিভাগের চেয়ারম্যান আবু ইউসুফ স্বপন বলেন, ‘এখানে যে সকল স্থাপত্যশৈলী প্রদর্শিত হচ্ছে সব নতুন শিক্ষার্থীদের। এরা সবেমাত্র শিখতে শুরু করেছে। আশা করছি, এই ধরনের প্রদর্শনী তাদের শেখার আগ্রহকে বাড়িয়ে তুলবে।’ প্রথমে দুদিন করার কথা থাকলেও প্রদর্শনীটি ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান বিভাগের চেয়ারম্যান। এ দিকে গত ৩১ মে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাস মিলনায়তনে ‘স্থাপত্য শিল্প, নতুন বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার দ্য স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং এর সহযোগী অধ্যাপক ড. আদনান মোর্শেদ। অপরিকল্পিত নগরায়ণের ফলে চট্টগ্রাম শহর আজ বিপর্যস্ত উল্লেখ করে তিনি বলেন, ‘এ নগরকে উন্নত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের আকাঙ্ক্ষার ঘাটতি থেকেই অনেক কিছু করতে পারি না।’