তারুণ্যের উচ্ছ্বাসের অরুণোদয়ের কাব্যের চতুর্থ পর্বের আসর বসেছিল ২৭ জুন। কবিতার ছন্দে সেদিন চট্টগ্রাম একাডেমি মিলনায়তন মুখর করে তুলেছিলেন নবীন আবৃত্তিশিল্পীরা। এতে আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত কর্মশালার অষ্টম আবর্তনের নির্বাচিত ১৮ জন শিল্পী।
বিকেল সাড়ে পাঁচটায় আয়োজনের উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক মুখ্য প্রযোজক ফজল হোসেন ও সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক ফারুক তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে শুরু হয় কবিতার একক পরিবেশনা। প্রথমে অরুন্ধতি চৌধুরী পরিবেশন করেন আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতাটি। এরপর পূর্ণেন্দু পত্রীর ‘সেই গল্পটা’ এবং সুবোধ সরকারের ‘শাড়ী’ কবিতাটি নিয়ে মঞ্চে আসেন আসমা উল হুসনা এবং তাহসিন তারান্নুম। একে একে আবৃত্তি করেন মোয়াজ্জেম হোসেন, সুমন সুত্রধর, আশুতোষ নাথ, মোহাম্মদ রাসেল, আবু সাইদ মজুমদার, ইমরান রায়হান, প্রান্তিকা সাহা, গার্গী দেব, পূজা পাল, মিলন চন্দ্র শীল, তন্ময় আচার্য্য, শওকত আলী ও মো. নূর উদ্দীন। একক পরিবেশনায় সবশেষে ছিল আকবর হোসেনের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে এসো’ কবিতাটি। এর পর সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ আবৃত্তির মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।