নবীনের যাত্রা হলো শুরু
ঘড়ির কাঁটায় সকাল সাড়ে আটটা। পৌষের শীতে জবুথবু ক্যাম্পাস। কুয়াশায় ঢাকা পথঘাট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে ঢুকল শাটল ট্রেন। নামল একঝাঁক নতুন মুখ। তারা কথা-হাসি-গানে মুখরিত করে তুলল পাহাড় কাটা রাস্তাটা। ক্যাম্পাসের কলা অনুষদের ঝুপড়ি থেকে শুরু করে জারুলতলা, কাটা পাহাড় রাস্তা, গোল চত্বর, সুনামি গার্ডেন, বোটানিক্যাল গার্ডেনসহ সবখানে এখন নবীনদের সরব উপস্থিতি।‘এত দিন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের গল্প শুনেছি। আজ আমি নিজে শাটল ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসেছি। কী যে মজা, বলে বোঝাতে পারব না!’ এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী আবু সায়েম মো. সানাউল্লাহ।গাইবান্ধা থেকে আসা সমুদ্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী সিদ্দিকুল ইসলাম মুগ্ধ ক্যাম্পাসের নৈসর্গিক সৌন্দর্যে। জানালেন, ‘আমাদের এলাকায় কোনো পাহাড় নেই। এখানে পাহাড়ের কোলে থেকে পড়াশোনা করব ভাবতেই ভালো লাগছে।’শুধু শাটল ট্রেন আর নিসর্গ নয়, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী সায়মা নাসরিন উচ্ছ্বসিত তাঁর পছন্দের বিষয়ে ভর্তি হতে পেরে। ‘স্বপ্ন ছিল সাংবাদিকতা বিভাগে পড়ব। ভবিষ্যতে আমি একজন দেশসেরা সাংবাদিক হব!’ বললেন তিনি।কলা অনুষদের ঝুপড়িতে দেখা মিলল একদল আড্ডাবাজ নবীনের। এগিয়ে যেতেই হাসিমুখে জানালেন, ‘আমরা সবাই পদার্থবিদ্যা পরিবারের নবীন সদস্য। এখানে এসে বড় ভাইয়া-আপুদের যে স্নেহ-ভালোবাসা পাচ্ছি তা আমাদের অবাক করেছে। মনে হচ্ছে আমরা সবাই একই পরিবারের সদস্য।’অগ্রজদের স্নেহ-সহযোগিতায় সিক্ত নরসিংদী থেকে আগত দর্শন বিভাগের নবীন শিক্ষার্থী সাহিদা বানুও। তিনি বলেন, ‘ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভাইয়া-আপুদের সহযোগিতা পাচ্ছি। এক আপু আমাকে হলে থাকার ব্যবস্থাও করে দিয়েছেন।’ক্যাম্পাসের ঝরনা ও টেলিহিলের সৌন্দর্য দেখে ফিরছিলেন কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের নবীন শিক্ষার্থী সুমিত রায় ও তাঁর বন্ধুরা। এর আগে ঝরনা দেখেননি সুমিত। বললেন, ‘এখনো ঠিকমতো ক্লাস শুরু হয়নি আমাদের। তাই বন্ধুদের নিয়ে ঘুরে ঘুরে ক্যাম্পাসের সৌন্দর্য খুঁজছিলাম।’ প্রসংগত, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়।