
কালো পলিথিনে ঢাকা মাটি ফুঁড়ে উঠেছে অনেকগুলো মানুষের অবয়ব। সরু দণ্ডের ওপর দাঁড়ানো হাত-পাবিহীন শ্বেত মূর্তিগুলোর পায়ের কাছে ছড়ানো ছিল সাবানের ফেনা। প্রতিকৃতিগুলো কোনটি সামনে, কোনটি পেছনে আবার কোনটি বাঁয়ে ঝুঁকে আছে। চারুকলা ইনস্টিটিউটের খোলা প্রাঙ্গণে স্থাপন করা এই শিল্পকর্ম দর্শকদের নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করায়। ‘একটি অসম্পূর্ণ মানুষের আত্মজীবনী’ নামের এই শিল্পকর্ম গত ২৬ ডিসেম্বর শেষ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক শিল্প প্রদর্শনীতে স্থান পায়।
প্লাস্টার অব প্যারিস, ফাইবার গ্লাস ও ট্যাক্সাফোম দিয়ে করা এই শিল্পকর্ম করেছেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মোহাম্মদ মোজাহিদুর রহমান সরকার। মোজাহিদুরের শিল্পকর্মের মতোই এই প্রদর্শনীর অধিকাংশ কাজ দর্শকদের মুগ্ধ করেছেন। এটি মূলত নবীন শিল্পীদের একাডেমিক কাজের বার্ষিক প্রদর্শনী হলেও না বলে দিলে এটা বোঝা যাবে না। প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর শেষ বর্ষের ১৫৯ জন শিক্ষার্থীর শিল্পকর্মগুলোতে আনাড়িপনার ছাপ নেই। বরং নবীন শিল্পীদের সৃজনভাবনা অনেক ক্ষেত্রে বিস্মিতও করেছে দর্শকদের।
চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর পঞ্চমবারের মতো চার দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনীতে উঠে এসেছে সমকালীন শিল্পভাষা। চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্র, গ্রাফিক ডিজাইন, ভিডিও আর্ট, স্থাপনাসহ নানা শিল্পকর্মের মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করেছেন শিল্পীরা। প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয় সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
নারীর সংগ্রাম ও তার একান্ত পরিপার্শ্ব, প্রকৃতি ও নগরায়ণ, নিসর্গ, আধুনিক মানুষের অন্তর্গত টানাপোড়েন, িবশ্বায়ন, বৈষম্য, প্রেম ও প্রেমহীনতা এবং নিঃসঙ্গতাকে শিল্পকর্মে বিষয় হিসেবে উপস্থাপন করেছেন শিল্পীরা। উপস্থাপনের ভেতরে অগ্রজ শিল্পীদের প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ প্রভাব দৃশ্যমান হলেও নবীন শিল্পীদের কৃতিত্ব তাতে কমেনি।
প্রদর্শনীর বেশ কিছু শিল্পীর শিল্পকর্মের কথা মনে রাখবে দর্শক। এসবের মধ্যে রয়েছে নিলুফার ইয়াসমিন ও জয়াশীষ আচার্যের স্থাপনা শিল্প, আবু দারদা মো. রিদোয়ানের ভিডিও আর্ট, সামিনা বেগম ও এম. এ. হাসানের তেলচিত্র এবং তপন ঘোষের ভাস্কর্য।
২৩ জানুয়ারি সন্ধ্যায় এই চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিনের সভাপতিত্বে অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দার চৌধুরী, চারুকলার শিক্ষক অধ্যাপক ফয়েজুল আজিম ও অধ্যাপক সৈয়দ সাইফুল কবির।