নবীনের স্বপ্ন
দেশি কাপড়ে ডিজাইন করে আন্তর্জাতিক অঙ্গনের ফ্যাশন র্যাম্প আলোকিত করতে চান ডিজাইনার মাশরুর রহমান। তাঁর স্বপ্ন একদিন মিলান ফ্যাশন উইকের কোনো একটা অধিবেশনে বিশ্বসেরা মডেলরা তাঁর ডিজাইন করা পোশাক পরে হেঁটে যাবেন। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাশরুর এবার প্রথমবারের মতো আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় অংশ নিয়ে চারটি পুরস্কার জিতেছেন। রাহানুমা মরিয়মও এবার দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। গতবার চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও পুরস্কার পাননি। আর এবার পেলেন দুটি। তাঁরও ইচ্ছে এই পথে অনেকদূর যাওয়ার। তিনিও স্বপ্ন দেখেন একদিন সারা দেশের বিপণিনকেন্দ্রগুলোতে ছড়িয়ে পড়বে তাঁর ডিজাইন করা পোশাক। নবীন এই ডিজাইনাররা যে তাঁদের স্বপ্নের রাস্তায় হাঁটছেন তার প্রমাণ এবারের আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। এ বছর প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া ২১ জন ডিজাইনারের মধ্যে প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছেন আটজন। এই প্রতিযোগিতায় দিন দিন বাড়ছে নবীন ডিজাইনারদের অংশগ্রহণ।কিন্তু নবীন ডিজাইনারদের উৎসাহ আর স্বপ্নের সঙ্গে অপেক্ষাকৃত প্রবীণ ডিজাইনারের বাস্তব অভিজ্ঞতার কিছু কি ফারাক আছে? অনেক কাঠখড় পুড়িয়ে প্রতিষ্ঠা পাওয়া অভিজ্ঞ ডিজাইনাররা সেই কথাই বললেন। জানালেন স্বপ্ন আর বাস্তবতার ব্যবধানের কথা। রওশনস-এর ডিজাইনার রওশন আরা চৌধুরীর মতে, দেশীয় ডিজাইনারদের জন্য সময়টা অতটা অনুকূল নয়। দেশি কাপড়, ডিজাইনের নানা উপাদানের দাম বাড়ছে। বাড়ছে কর্মীদের মজুরিও। টেলিভিশন ও মিডিয়ার কারণে ক্রেতাদের ঝলমলে পোশাকের প্রতি আগ্রহ বেড়েছে। চীন, ভারত আর পাকিস্তান থেকে প্রচুর তৈরিপোশাক আসছে। পোশাক আমদানির ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। এ কারণে দেশীয় ডিজাইনাররা অসম প্রতিযোগিতার মধ্যে পড়েছেন। ডিজাইনারদের সঙ্গে কথা বলে এবং বিপণিকেন্দ্রগুলো ঘুরে জানা গেছে, গত বছর থেকে চট্টগ্রামের বুটিক হাউজগুলোর বিক্রিবাট্টা কিছুটা পড়তির দিকে। ২০১১ সালের তুলনায় পরের দুবছর বিক্রি তেমন বাড়েনি। ক্রেতাদের আগ্রহ কি কমে গেছে? বিক্রেতার বলছেন, টিভি সিরিয়াল কিংবা হিন্দি চলচ্চিত্রের কারণে ফ্যাশন রুচিতে ঘটেছে পরিবর্তন। নতুন রুচির চাহিদা মেটাতে বিপণিকেন্দ্রগুলোতে প্রবেশ করছে বিদেশি পোশাক। এই পরিস্থিতি দেশি বুটিকসগুলোর জন্য অনুকূল নয়। শৈল্পিকের ডিজাইনার এইচ এম ইলিয়াসের কথায়ও এর প্রতিফলন পাওয়া গেল। ‘আগের তুলনায় বুটিক হাউসের সংখ্যা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ভারতীয় পোশাকের দাপটও। বাজারে বিদেশি জমকালো পোশাক এখন সহজলভ্য। তাই সার্বিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছে দেশি বুটিক হাউজগুলো।’ ২০১১ সালের তুলনায় শৈল্পিকের বিক্রি না কমলেও, সার্বিকভাবে দেশি পোশাকের চাহিদা কমেছে বলে তিনিও স্বীকার করেছেন। এ সংকট থেকে উত্তরণের জন্য বিদেশি পোশাক আমদানির ক্ষেত্রে সরকারকে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে বলে তাঁরা মনে করেন। চারু চট্টগ্রামের ডিজাইনার শিমুল খালেদ বলেন, বিদেশি পোশাক সঠিক নিয়মে আসছে না। সরকার প্রচুর রাজস্ব হারাচ্ছে। বাইরের দেশ থেকে পোশাক আনতে হলে উচ্চ হারে কর দেওয়ার আইন করতে হবে। নইলে দেশি বুটিককে বাঁচানো যাবে না।’ তবে এর পাশাপাশি এ দেশের ডিজাইনারদের পোশাকের গুণগত মান বাড়ানোর ওপরও জোর দেন তাঁরা। এইচ এম ইলিয়াস বলেন, ‘যাঁরা নতুন তাদের কঠোর সংগ্রাম করতে হবে। বিদেশ থেকে যেসব পোশাক আসছে সেগুলোর ডিজাইনাররাও আমাদের মতো মানুষ। তাদের ডিজাইন ক্রেতাদের আকৃষ্ট করতে পারলে আমরা পারব না কেন। কথা হচ্ছে ওরা এক সঙ্গে প্রচুর পোশাক তৈরি করেন। এ জন্য দাম কম পড়ে। আমাদেরও সে মাত্রায় উৎপাদন করতে হবে। এ জন্য নবীনদের পেশাদারি মনোভাব নিয়ে কাজ করতে হবে।’ নবীনের আছে স্বপ্ন আর আগ্রহ । প্রবীণের আছে বাস্তব অভিজ্ঞতা। এই দুটোর মেলবন্ধন ঘটাতে পারলে এ দেশের বুটিক শিল্প এগুবেই। মাশরুর রহমানদের ডিজাইন করা পোশাকও তখন শোভা পাবে বিশ্বের নামী মডেলদের গায়ে।