
১৬ বছরের পথচলা। প্রতিবারেই ওড়ে নবীনের জয়পতাকা। এই রীতি ভাঙার সাধ্য কার! এবারও ব্যতিক্রম হয়নি। ফ্যাশনে নবীনের হাত ধরে এগিয়ে যাওয়ার আরও এক ধাপ পার করল চট্টগ্রাম। ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় এবারও তারুণ্যের জয়জয়কার।
ব্যাপারটা আরও একটু খোলাসা করি। চিটাগং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির ছাত্রী বিথুন রাহমান। ডিজাইনিংয়ে সবে হাত পাকাচ্ছেন। প্রতিযোগিতায় প্রথমবার এসেই বাজিমাত! পেয়েছেন কাজের স্বীকৃতি। ফতুয়ায় দ্বিতীয় হয়েছে তাঁর পোশাক। বললেন, ‘বড় এই প্ল্যাটফর্মে পুরস্কার জিতে কাজের স্পৃহা বাড়ল অনেক গুণ। আমি পারব—এই আত্মবিশ্বাস এখন শক্ত ভিতে দাঁড়াল।’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিমা আনিকা তো আরও এক কাঠি সরেস। সালোয়ার-কামিজ ‘ক’ বিভাগে দ্বিতীয় হয়ে আনন্দে যেন ভাসছেন। বন্ধুদের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে সমানে চলছে ক্লিক ক্লিক। ‘মাত্র তিনটি কাপড় দিয়ে একটিতে জিতে গেছি। খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরও বেশি পুরস্কার জেতার আশা নিয়ে আসব।’ বললেন তামান্না। বিথুন তামান্না তো গেল। সেরাদের সেরা পুরস্কারটিও উঠল নবীনের হাতে। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাশরুর রহমান বিভিন্ন বিভাগে পেয়েছেন ছয়টি পুরস্কার। তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় প্রতিষ্ঠিত ডিজাইনার মণিদীপা দাশের সঙ্গে।
২৬ জুন সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসেছিল এই প্রতিযোগিতার চূড়ান্তপর্বের আসর। চট্টগ্রামের ফ্যাশন জগতে বড় এই আসরের জন্য ডিজাইনারদের অপেক্ষা থাকে সারা বছরের। তাই তো অনুষ্ঠান শুরুর আগেই দর্শক আর ডিজাইনারদের ভিড়ে গমগম করছিল মিলনায়তন। ঘড়ির কাঁটা সন্ধ্যা সাতটায় আসতেই মঞ্চে জ্বলে উঠল মশাল। একঝাঁক শিল্পী নাচের ছন্দে সেই নতুন আলো ছড়িয়ে দিলেন দর্শকের মনেও। শুরু হলো অনুষ্ঠান।

নাচ শেষে বেজে উঠল গান, ‘লাজুক পাতার মতো লজ্জাবতী’। গানের সঙ্গে উৎসবের বারতা নিয়ে আসা শাড়ি দিয়ে শুরু হলো ফ্যাশন কিউ। মডেলদের ক্যাটওয়াকে দ্যুতি ছড়াল রং-বাহারি পোশাক। চোখ ধাঁধানো ফ্যাশন কিউতে প্রদর্শিত হলো পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফিউশন, যুগল, শার্ট, টি-শার্ট ও বাচ্চাদের পোশাক। কিউর ফাঁকে ফাঁকে বাড়তি আকর্ষণ ছিল শিল্পী রাজীব, সুবর্ণা ও পীযূষের কণ্ঠে বাংলা সিনেমার তিন জুটি উত্তম-সুচিত্রা, রাজ্জাক-কবরী ও সালমান-মৌসুমীর ঠোঁট মেলানো ছবির গান এবং সৃজনশীল নৃত্যাঙ্গনের শিল্পীদের নাচ। অনুষ্ঠান উপস্থাপনায় কথার জাদুতে মাতিয়ে রাখেন নাবিলা ও ইমতু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সম্ভাবনার এই দেশটি এগিয়েই যাবে—এমন ধারণা দিয়েছেন বিদেশিরাও। তার প্রতিফলন আমরা দেখতে শুরু করেছি ইতিমধ্যে। বিশ্বকাপে দল হিসেবে আমরা যেতে পারিনি। তবে আমাদের পোশাক চলে গেছে। বিশ্বকাপ আসরে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েদের বানানো জার্সি।’ তিনি আরও যোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে এই আয়োজনের ধারাবহিকতা ধরে রেখেছে প্রথম আলো। নবীন ডিজাইনারদের উঠে আসার পথ সুগম করতে এই যাত্রা অব্যাহত থাকবে।
নাচ, গান, ফ্যাশন শো—মিলনায়তনে এত কিছু হচ্ছে, কিন্তু মঞ্চের বাঁ পাশটা একেবারে নিরুত্তাপ। কিছুই যেন ছুঁতে পারছে না। নিশ্চয় বুঝে গেছেন তাঁরা কারা। হ্যাঁ, ডিজাইনাররা। অপেক্ষা ফলাফলের। তার আগে কথামালার পর্বে যোগ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অভিনয়শিল্পী ও উপস্থাপিকা শারমীন লাকি। তিনি বলেন, ‘অনেক দিন ধরে জানি, এটা খুবই সফল প্রতিযোগিতা। তরুণ ডিজাইনারদের উঠে আসার চমৎকার প্ল্যাটফর্ম। প্রথম আলোর এ ধরনের উদ্যোগ ডিজাইনারদের উৎসাহ জোগাবে। যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তাঁরা বাংলাদেশের পোশাকশিল্পে কোনো না কোনোভাবে অবদান রাখতে পারবে।’ অনুভূতি জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালও।
অবশেষে এল সেই ক্ষণ। ফলাফলের তালিকা পৌঁছে গেল বিশ্বজিৎ চৌধুরীর হাতে। একে একে ঘোষণা করা হলো এবারের বিজয়ীদের নাম। ১২টি বিভাগে পুরস্কার জেতেন ৩৮ জন ডিজাইনার। সেরাদের সেরা ডিজাইনার মাশরুর রহমানের হাতে চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম বিমান টিকিট তুলে দেন রিজেন্ট এয়ারওয়েজের উপমহাব্যবস্থাপক আনিসুল আলম চৌধুরী।
এবারের আয়োজনে প্রচার সহযোগী মাছরাঙা। রূপসজ্জায় পারসোনা। সার্বিক সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গ্রিন। কোরিওগ্রাফার ছিলেন সানজিদা আরেফিন। মঞ্চসজ্জায় ছিলেন শিল্পী সুব্রত বড়ুয়া।