নব্বইয়ে পা দিল যে তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ জুলাই। ভোরের আলো ফুটতে ফুটতেই জারুল আর কৃষ্ণচূড়াদের মধ্যে শুরু হয়ে গেল কানাকানি। নিজেদের সাজগোজ নিয়ে নয়, সাজাতে আঙিনা, আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় আঙিনা। জন্মদিন বলে কথা! ৯০তম জন্মদিনের বিশেষ সাজটা তো বিশেষই হওয়া চাই। সূর্যিমামা ততক্ষণে দিয়েছে উঁকি জারুলের শাখায়। বেগুনি আভা ছড়াতে ছড়াতে অভিবাদন জানাল সে সবাইকে। কৃষ্ণচূড়া হলো আরও রক্তলাল। আগুন লাগা সাজ তখন মল চত্বরজুড়ে। শাহবাগ মোড় আর নীলক্ষেত মোড়ের মূল ফটক দুটোতে তখন খেলা করছিল লাল, নীল, হলুদ রঙেরা। মল চত্বরজুড়ে ততক্ষণে শুরু হয়ে গেল আনন্দ কোলাহল।শামসুন্নাহার হল, বঙ্গবন্ধু হল, রোকেয়া হল, জসীমউদ্দীন হলসহ সবগুলো হল থেকে সবাই এসে জড়ো হয়েছেন মলচত্বরের সবুজ মাঠে। একে একে সব হলের বন্ধুরা চলে এলেন। জাতীয় পতাকার সঙ্গে একে একে পতপত করে উড়ছিল বিশ্ববিদ্যালয়ের পতাকা। জন্মদিনের বিশাল বড় কেকটা তখন কাটার অপেক্ষায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের প্রাণ সব শিক্ষার্থীর হাততালিতে শেষ হলো সে পর্বটি।এরপর আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রাই বটে! ঢাকঢোল, বাদ্যি-বাজনা শুরু হয়ে গেছে ততক্ষণে। টগবগ করার অপেক্ষায় তখন পঙ্খিরাজগুলো। লাল শাড়িতে রানি, সোমা আর খুকি খোঁপায় গুঁজেছেন বেলি ফুল। রবিন, কবি, হাসান পরেছেন নীল পাঞ্জাবি। সাজার পরিকল্পনা করেছিলেন দুই দিন আগেই। আনন্দের ঢলটা তখন চলতে শুরু করে। হাকিম, রনি, বাবু, তৌকিক শুরু করে দিয়েছেন নাচ। নীল শার্টে জসীমউদ্দীন হলের বন্ধুদের মানিয়েছিল বেশ। তাঁরাও কি আর চুপ থাকেন। ব্যান্ডের তালে তালে তা-তা-থৈ-থৈ নাচ জুড়ে দিয়েছেন। হঠাৎ কাকতাডুয়া দেখে বেশ চমকে উঠেছিলেন অরূপ। পরক্ষণেই ভাঙল ভুল। এ তো সে নয়। লাল, নীল, হলুদ পোশাকের কাকতাড়ুয়ারা বাড়াল শোভাযাত্রার সাজ। রঙিন ঘুড়িগুলো আকাশে নয়, নেমে এল হাতে হাতে। বিএনসিসির মিঠু, মিরা, তানিয়া, কলি তখন শোভাযাত্রার জন্য রাস্তা ফাঁকা করতে ব্যস্ত। নেপালি বন্ধু কৃতী ভুজু, শ্রীজনা, সমিকসার মনটাও বেশ খুশি খুশি। মাথায় বেঁধেছেন কমলা কাপড়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও বসে নেই। সবার পরনে সাদা জামা। টগবগিয়ে চলা ঘোড়ার পাশে তাঁদের পা দুটোর সঙ্গে মনটাও খুশিতে টগবগিয়ে উঠছিল। এই করতে করতে ৯০ বছরে পা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রাটা শেষ হয়ে গেল টিএসসিতে এসে।ওদিন টিএসসি মিলনায়তনের ফটকটিও ছিল বেশ রঙিন। মিলনায়তনজুড়েও তখন রঙিন বেলুন খেলা করছিল। শুরু হলো আলোচনা ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠান। অধ্যাপক আহমদ শফি উপস্থাপন করলেন ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা’ শীর্ষক প্রবন্ধ। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়—এই সবার স্বপ্ন। একে একে স্মৃতিচারণা করলেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন উর রশিদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। একটার দিকে প্রদর্শিত হলো গবেষণা ও আবিষ্কারবিষয়ক প্রদর্শনী দৃষ্টিপাত।চমৎকার একটি পর্ব কিন্তু বাকি রয়ে গেল তখনো। আড়াইটায় মিলনায়তনজুড়ে ব্যাপক তর্ক-বিতর্ক। ঢাকা ইউনি ভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ছাত্র-শিক্ষক বিতর্ক ‘ঢাকা বিশ্ববিদ্যালয় তার মূল্যবোধ থেকে সরে এসেছে’ বেশ সাড়া ফেলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ততক্ষণে আড়মোড়া দিয়ে জেগে উঠেছে। সেখানেই অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল আর ভলিবল ম্যাচ। খেলা শেষ করে সবাই আবার ছুটে এলেন টিএসসিতেই। সন্ধ্যাটা ততক্ষণে জমে উঠেছে। নাচে-গানে ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। কাননের দরদভরা কণ্ঠের গানে আর ঝুমার নৃত্যে মুগ্ধ সবাই। ১ জুলাইয়ে সে দিনের মতো শেষ হলো আয়োজন।প্রতিষ্ঠাবার্ষিকীর আরও অনুষ্ঠান ছিল পরের দুই দিনেও। ২ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে চলল পাণ্ডুলিপি প্রদর্শনী। টিএসসি প্রাঙ্গণে পুরো দিন চলল ‘বাঁধন’ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ৩ জুলাই এমসিজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজন ছিল ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবের ৮৯ বছর: অতীত এবং বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের।না, না, এখানেই কিন্তু শেষ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ২০১০। আনুষ্ঠানিকভাবে শেষ হলেও আসলে কিন্তু ৩৫ হাজার শিক্ষার্থীর মনের আনন্দ উৎসব শেষ হয়নি। প্রাঙ্গণজুড়েই একটা উৎসব উৎসব গন্ধ এখনো রয়ে গেছে।