নয় বছরেও নাগরিক সুবিধা পায়নি বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেহাল বটতলী-উগলছড়ি সড়ক  প্রথম আলো
বেহাল বটতলী-উগলছড়ি সড়ক প্রথম আলো

প্রতিষ্ঠার নয় বছর পরও প্রয়োজনীয় নাগরিক সুবিধা সৃষ্টি হয়নি রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায়। বিদ্যুৎ ও পানির সংকট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব, রাস্তাঘাট, পয়োনিষ্কাশনসহ নানা সমস্যায় ভুগছে এলাকার বাসিন্দারা।
পৌর এলাকার উগলছড়ি গ্রামের বাসিন্দা আবদুল আলিম, মো. রুবেল ও সদর এলাকার বাসিন্দা মো. হাসেম আলী বলেন, পৌরসভা হওয়ার পর থেকে দীর্ঘ নয় বছর ধরে তাঁরা পৌর কর দিয়ে আসছেন। এখনো পর্যন্ত কর্তৃপক্ষ স্বাস্থ্যসম্মত শৌচাগার, নালা-নর্দমা ও ডাস্টবিন নির্মাণ করতে পারেনি। পৌর এলাকার অধিকাংশ সড়ক খানাখন্দে ভরা। সাত-আটটি সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, মারিশ্যা বাজার-বটতলী, উপজেলা সদর-লাল্যাঘোনা, বটতলী-উগলছড়ি, সদর-তালুকদারপাড়া, চৌমুহনী-তুলাবানসহ অন্তত আটটি সড়কের অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব সড়কের কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এসব এসড়ক দিয়ে চলাচল করতে গিয়ে এলাকাবাসী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
জানতে চাইলে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নূর মিয়া বলেন, ‘আমরা মাত্র দেড় বছর আগে নির্বাচিত হয়েছি। উন্নয়নমূলক কাজ করার মতো উল্লেখ্যযোগ্য কোনো বরাদ্দ পাইনি। এমনকি আমাদের ভাতাও ঠিকমতো পাই না।’
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল শুক্কুর মিয়া অভিযোগ করেন, মেয়রের অনিয়ম-দুর্নীতির কারণে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়ন প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের কারণে পৌরসভার ১২ জন কাউন্সিলরই তাঁর প্রতি অনাস্থা জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে মেয়র মো. আলমগীর বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। আমি আসার পর পৌরসভার ব্যাপক উন্নয়ন হয়েছে। কোনো অনিয়ম ও দুর্নীতি হয়নি।’
মেয়র জানান, পৌরসভায় বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। বিভিন্ন রাস্তাঘাট সম্প্রসারণের জন্য এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) পাঁচ কোটি টাকা দেওয়ার কথা। এ ছাড়া বিভিন্ন দাতা সংস্থা থেকে পয়োনিষ্কাশনব্যবস্থা, নালা-নর্দমা ও ডাস্টবিন নির্মাণের জন্য অর্থসহযোগিতা চাওয়া হয়েছে।
পৌরসভা সূত্র জানায়, ২০০৪ সালে ৩০ ডিসেম্বর তৎকালীন উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান উপজেলা হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে বাঘাইছড়ি পৌরসভার উদ্বোধন করেন। এখনো ওই ভবনেই দাপ্তরিক কার্যক্রম চলছে। আট বছর ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ৮ জানুয়ারি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রথম মেয়র নির্বাচিত হন বাঙালি ছাত্রপরিষদের নেতা মো. আলমগীর। ৭ সেপ্টেম্বর কাউন্সিলররা তাঁর বিরুদ্ধে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে অনাস্থা প্রস্তাব দেন।
ইউএনও সুমন চৌধুরী বলেন, ‘অনাস্থা প্রস্তাবটি জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। তাঁকে মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে।’ ইউএনও জানান, এ ব্যাপারে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।