ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নয় মাস পার হয়েছে। সে সম্মেলনে গঠিত জেলা কমিটি এখনো কেন্দ্রের অনুমোদন পায়নি। একই মাসে জেলার ছয়টি উপজেলা ও পৌর কমিটির সম্মেলনও অনুষ্ঠিত হয়। সেসব কমিটিরও একই দশা। ফলে গতিহীন হয়ে পড়েছে সংগঠন।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে অনুষ্ঠিত সম্মেলনের ১৪ বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান সভাপতি এবং পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অন্যদিকে জেলা কাউন্সিলের আগে একই মাসে জেলার ছয়টি উপজেলা কমিটির সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় করিম উল্লাহ সভাপতি ও নূর হোসেন সাধারণ সম্পাদক, সোনাগাজীতে ফয়েজুল কবির সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, দাগনভূঞায় কামাল উদ্দিন সভাপতি ও জয়নাল আবদীন সাধারণ সম্পাদক, ছাগলনাইয়ায় ফয়েজ আহমদ সভাপতি ও মেজবাউল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক, ফুলগাজীতে একরামুল হক সভাপতি ও আবদুল আলীম সাধারণ সম্পাদক এবং পরশুরামে একরামুল করিম মজুমদার সভাপতি ও কামাল উদ্দিন মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উপজেলা কমিটিগুলোও জেলা কমিটির অনুমোদন পায়নি। ফলে এসব উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যাচ্ছে না।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহম্মদ জানান, ২০১২ সালের ২৫ ডিসেম্বর উপজেলা সম্মেলনে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। ফলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ ছাড়া সাংগঠনিক কাজ তেমন নেই। একই অবস্থা বিরাজ করছে পৌর কমিটি এবং উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের ক্ষেত্রেও। এ অবস্থা বজায় থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতা-কর্মীদের সঠিকভাবে কাজে লাগানো কঠিন হতে পারে বলে মনে করেন ফয়েজ আহমদ।
ফেনী পৌর কমিটির সভাপতি আইনুল কবির বলেন, ‘পৌর আওয়ামী লীগের সম্মেলনও গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। পরে সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি করে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিয়েছি।
নয় মাস ধরে নেতা-কর্মীদের সঙ্গে মৌখিক আলাপ-আলোচনার ভিত্তিতে দলের কিছু কাজ করলেও কমিটি না থাকায় আনুষ্ঠানিক বৈঠক করা যায়নি। ফলে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। ফলে সংগঠনে কিছুটা স্থবিরতা বিরাজ করছে।’ এ স্থবিরতা কাটিয়ে নেতা-কর্মীদের মাঠে নামানোর জন্য দ্রুত জেলা-উপজেলা ও পৌর কমিটিগুলো অনুমোদন দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
জানতে চাইলে জেলা কমিটির সভাপতি আবদুর রহমান বলেন, ‘সাধারণ সম্পাদকসহ আমরা বসে আলাপ-আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি করে তা কেন্দ্রে জমা দিয়েছিলাম। সেটি এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করি, কিছু দিনের মধ্যে এ কমিটি অনুমোদন পাবে। এরপর অন্য কমিটিগুলোর অনুমোদন প্রক্রিয়া সহজ হবে।’ তবে তিনি দাবি করেন, সংগঠন পুরোপুরি স্থবির নয়। কিছু কিছু কাজ হচ্ছে। কর্মসূচিগুলো পালন করা হচ্ছে।