নয় লাখ ৯০ হাজার হয়ে গেল এক কোটি ৬৬ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হোসেন বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড) চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় আগ্রাবাদ শাখার একজন উচ্চমান সহকারী। চেক পাস করানোর পাশাপাশি টাকা তোলার অনুমতিপত্র নিজ হাতে তৈরি করে বিভাগীয় প্রকৌশলীর সই নিয়ে ব্যাংক থেকে টাকা তুলতেন তিনি। সেখানেই চলত তার যত কারসাজি।
তাঁকে সহযোগিতা করতেন কামরুল আলম ও সাদিকুর রহমান নামের দুই প্রকৌশলী।
বিটিসিএলের কাগজে-কলমে ১৩ হাজার টাকার চেক পাস করিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সাত লাখ ১৩ হাজার টাকা তোলেন মোহাম্মদ হোসেন। এভাবে হাজার টাকার চেকের পাশে ৭, ৮ কিংবা ৯ সংখ্যা বসিয়ে দিয়ে সূক্ষ্মভাবে এক বছরে সরকারি খাত থেকে তিনি আত্মসাৎ করেছেন এক কোটি ৬৬ লাখ টাকা। অথচ সরকারি খাতে দেখানো হয়েছে নয় লাখ ৯০ হাজার ২৫০ টাকা। দুদকের (দুর্নীতি তদন্ত কমিশন) তদন্তে উঠে আসে এসব চাঞ্চল্যকর তথ্য।
দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক শহীদুল আলম সরকার প্রথম আলোকে বলেন, ২৪টি চেকের মাধ্যমে জালিয়াতি করে প্রকৃত টাকারচেয়ে এক কোটি ৬৬ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন উচ্চমান সহকারী মোহাম্মদ হোসেন। বাংলাদেশ ব্যাংক ও বিটিসিএলের কাগজপত্র পর্যালোচনা এবং সাক্ষীদের বক্তব্যে উঠে আসে কোটি টাকা আত্মসাতের প্রমাণ। গত ১৩ জুন হোসেনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করেছে দুদক। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
জানা গেছে, বর্তমানে গ্রেপ্তার এড়ানোর জন্য মোহাম্মদ হোসেনসহ সহযোগী দুই প্রকৌশলী কামরুল আলম ও সাদিকুর রহমান পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে মোহাম্মদ হোসেন সস্ত্রীক কানাডায় রয়েছেন। কামরুল ও সাদিকুরের অবস্থান জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, মোহাম্মদ হোসেন জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচার করে দিয়েছেন। দুদক চট্টগ্রামের সরকারি কৌঁসুলি মাহমুদুল হক মাহমুদ জানান, উচ্চমান সহকারী মোহাম্মদ হোসেন বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসম্পর্কিত দুর্নীতির আর একটি মামলায় গত আগস্ট মাসে তাঁকে ১৩ বছর এবং তাঁর স্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান।
দুদক ও বিটিসিএলের কাগজপত্রে উল্লেখ রয়েছে, তৎকালীন তার ও টেলিফোন বোর্ড, আগ্রাবাদ বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে দাপ্তরিক প্রয়োজনে মোহাম্মদ হোসেন ক্যাশিয়ার-কাম উচ্চমান সহকারীর দায়িত্ব পালন করতেন। বিভাগীয় প্রকৌশলীর স্বাক্ষরের মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়ার পর ক্যাশিয়ার হোসেন চেক প্রস্তুত করতেন। বিভাগীয় হিসাবরক্ষক চেকের মুড়ি ও চেকবই রেজিস্ট্রারে স্বাক্ষর করার পর তা বিভাগীয় প্রকৌশলীর কাছে চূড়ান্ত অনুমোদন ও স্ব্বাক্ষরের জন্য পাঠানো হতো। বিভাগীয় প্রকৌশলীর স্বাক্ষরে চেক চূড়ান্তভাবে পাস হতো। ওই চেক নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতেন হোসেন।