নয়বার বাংলা চ্যানেল পাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন লিপটন সরকার ও মো. মনিরুজ্জামান
বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন লিপটন সরকার ও মো. মনিরুজ্জামান

সাঁতারের জন্য পানিভর্তি একটু জায়গা হলেই নাকি চলে। পুকুর বা সুইমিংপুল থাকলে তো কথাই নেই। তবে লিপটন সরকারের এসবেও মন ভরে না। তাঁর চাই আস্ত একটা সমুদ্র! তাঁর মতে, ‘সমুদ্রে সাঁতার কাটার মজাই আলাদা। এখানে বড় বড় ঢেউয়ের সঙ্গে নিজেকে ভাসিয়ে বেড়ানো যায় ইচ্ছেমতো।’ আর এই ভালো লাগা থেকেই তিনি বারবার ছুটে যান সমুদ্রে।
দুঃসাহসী এই সাঁতারু এরই মধ্যে নয়বার পাড়ি দিয়েছেন বাংলা চ্যানেল। সবশেষ ২০১৪ সালের ২৮ ডিসেম্বর।
লালমনিরহাটের ছেলে লিপটন সাঁতার শিখেছেন ছোটবেলায় গ্রামে থাকতেই। এরপর ঢাকায় এসে পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করেন। তবে কাজের ফাঁকে সময় করে প্রায়ই চলে যেতেন পাহাড়ে বা সাগরে ঘুরতে। এর মধ্যে লিপটনের সঙ্গে ২০০৫ সালে পরিচয় হয় কাজি হামিদুল হকের। সাঁতারপ্রিয় এই মানুষটার কাছেই জানতে পারেন বাংলা চ্যানেলের কথা। টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সেন্ট মার্টিনের জেটি পর্যন্ত এই বাংলা চ্যানেলের মোট দূরত্ব ১৬ দশমিক ১ কিলোমিটার। নানা ধরনের প্রস্তুতি শেষ করে ২০০৬ সালে প্রথমবার বাংলা চ্যানেল পাড়ি দেন লিপটন। সেবার তাঁর সঙ্গে ছিল আরও দুই সাঁতারু। এর পর থেকে প্রতিবছর যাচ্ছেন বাংলা চ্যানেল পাড়ি দিতে।
লিপটন সরকার বলেন, ‘২০০৬ সালের আগে আমার সেন্ট মার্টিনে যাওয়া হয়নি। আর প্রথমবারই সেন্ট মার্টিনে গেলাম সাঁতার কেটে। এটা অন্য রকম এক অনুভূতি। সমুদ্রের পানিতে সাঁতার কাটার অন্যতম চ্যালেঞ্জ হলো লবণ পানি আর জেলিফিশের আক্রমণ। অনেক সময় আমাদের সাঁতার কাটার আশপাশে দেখা মেলে ডলফিন ও ফ্লাইং ফিশ। তারাও মজা করে সাঁতার কাটে পানিতে।’
এই বছর বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার ১০ বছর পূর্ণ হচ্ছে। আর সেই উপলক্ষ ধরেই লিপটন সরকারের অ্যাডভেঞ্চার সংগঠন ‘এক্সট্রিম বাংলা’ এবার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেল। কী কী আয়োজন থাকছে জানতে চাইলে লিপটন সরকার বলেন, ‘এ বছর আমরা ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাব। আমার ইচ্ছা আছে সাধারণ মানুষের মধ্যে সাঁতারের প্রয়োজনীয়তা তুলে ধরার। আর তাই আমরা এ বছর থেকে আগ্রহীদের ফ্রি সাঁতার সেখাব।’
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য এখন নিয়মিত চলছে প্রশিক্ষণ। প্রতিদিন দুই থেকে পাঁচ ঘণ্টা করে সাঁতারের মাধ্যমে এই প্রশিক্ষণ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
এবার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারের সঙ্গী ছিলেন বিটিভির জ্যেষ্ঠ ক্যামেরাম্যান মো. মনিরুজ্জামান। স্পন্সর ছিল অফরোড বাংলা ও ষড়জ।