নরওয়ের রাস্তায়

জুন, ২০১৩। নরওয়ে ইউনিভার্সিটি অব অসলোর বৃত্তি নিয়ে ইন্টারন্যাশনাল সামার স্কুলে পড়তে গিয়েছিলাম। গার্দেনমুয়েন বিমানবন্দর থেকে আমার নরওয়েজিয়ান সহকর্মীর সঙ্গে যাচ্ছি তার বাড়িতে। দুদিকে উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। সবুজ বন, লেক আর সমুদ্রঘেরা অপূর্ব সুন্দর প্রকৃতির রূপ দেখতে দেখতে যাচ্ছি। সহকর্মীর কথায় চমকে উঠে ওর দিকে তাকালাম। গাড়ির গতি কিছুটা কমিয়ে বাইরে কিছু দেখিয়ে আমাকে প্রশ্ন করল, বলতে পারো ওই মেয়েটি কী করছে? খেয়াল করলাম, একটি ১৩-১৫ বছর বয়সের মেয়ে। বাঁ হাতে তার পোষা কুকুরটির বেল্ট ধরা। নিচু হয়ে ঘাসে ঢাকা মাটি থেকে একটি প্লাস্টিকের ছোট বেলচা আর চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে কিছু তুলছে। আমি উত্তর দিলাম, না, আমি বুঝতে পারছি না। ও বলল, মেয়েটি ওর পোষা কুকুরটিকে নিয়ে বেড়াতে বের হয়েছে। মেয়েটি কুকুরকে বাথরুম করিয়েছে রাস্তার এক পাশে। এখন বেলচা-চামচ দিয়ে সেসব তুলছে, ব্যাগে ভরে নিয়ে যাবে বলে। পরে নির্দিস্ট ডাস্টবিনে ফেলে দেবে। নরওয়েতে কুকুরের পুরীষ রাস্তায় ফেলে যাওয়াটা গর্হিত কাজ।
রোজলীন্ড বাসবী হালদার
পরিচালক, মার্টিন লুথার কলেজ, বারিধারা, ঢাকা।