নরওয়ের দুঃস্বপ্নের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার যা ঘটে গেল, তা বুঝে উঠতেও হয়তো আরও অনেক সময় লাগবে নরওয়েবাসীর। হয়তো দীর্ঘদিন ধরে তাঁদের মনে হবে, উটোয়া দ্বীপের ঘটনা কোনো দুঃস্বপ্ন। বাস্তবে এমন কিছু ঘটেইনি। নরওয়ের মতো নির্বিরোধী দেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বোমা আর এর কয়েক ঘণ্টা পরেই কম্পিউটার গেমস স্টাইলে একদল তরুণকে পাখির মতো গুলি করে মারা কি দুঃস্বপ্ন হিসেবেও খুব ভয়ংকর নয়?প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ বলেছিলেন, ‘স্বর্গীয় দ্বীপটি পরিণত হয়েছে নরকে।’ হত্যাযজ্ঞের পর নয়নাভিরাম উটোয়া দ্বীপের ছবির কথা মাথায় থাকলে তাঁর কথাকে অতিশয়োক্তি মনে হবে না মোটেই। নরওয়েবাসী ক্রমে স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠবে। ধীরে ধীরে তাঁরা বুঝবে, ৮০টির মতো মূলত তরুণ প্রাণ হারানো ছাড়াও কী গুরুতর ক্ষতি তাঁদের হয়ে গেল। বিশ্লেষকদের আশঙ্কা, এ ঘটনা নরওয়ের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে চরম নেতিবাচক প্রভাব ফেলে যেতে পারে। উগ্রপন্থী হামলাকারী অ্যান্ডারস বেহরিং ব্রেইভিকের উদ্দেশ্যও সেটাই। তিনি চেয়েছেন একটা বড় আঘাত করে সমাজ ও রাষ্ট্রের মৌল আদর্শ পাল্টে দিতে। নিজের মুখেই হামলার পর সে কথা বলেছেন ব্রেইভিক। তাঁর ভাষায়, ‘নির্মম হলেও এর প্রয়োজন ছিল।’হামলার আগে ব্রেইভিক অনলাইনে দেড় হাজার পৃষ্ঠার বিশাল এক ‘সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের ইশতেহার’ হাজির করেছেন। এখন চলছে তাঁর সেই বক্তব্যের বিশ্লেষণ। আইনজীবীর ভাষায়, এই ‘উন্মাদ’ খুনির ইশতেহার নিয়ে কথা বলার আগে ছোট্ট করে নরওয়েকে জেনে নেওয়া যায়। ইউরোপের উত্তর প্রান্তে সাগর-ঘেঁষা একটি দেশ। আয়তনে খুব ছোট নয়—তিন লাখ ৮৫ হাজার বর্গকিলোমিটার। জনসংখ্যা মাত্র ৫০ লাখের মতো। প্রধান সম্পদ তেল আর গ্যাস। ষাটের দশকে এই তেল-গ্যাস আবিষ্কৃত হওয়ার আগে প্রধান সম্পদ ছিল সাগরের মাছ। তেল-গ্যাস নরওয়েকে বেশ ধনী বানিয়ে দিলেও মানুষের জীবনাদর্শ পাল্টে যায়নি। তাঁরা এখনো সেই সহজ-সরল আর শান্তিপ্রিয় জেলের মতোই জীবন যাপন করেন। নরওয়ের রাজধানী অসলো থেকেই প্রতিবছর দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার। বিশ্বশান্তির অনেক বড় বড় চুক্তি অসলোতেই হয়েছে। সেই দেশে কেন বইল রক্তগঙ্গা? এ প্রশ্নের উত্তর খুঁজতে আবার ফিরে যেতে হয় ব্রেইভিকের সেই দেড় হাজার পৃষ্ঠার ইশতেহারে। এটা তৈরি করতে তাঁর তিন লাখ ইউরো খরচ হয়েছে। সময় লেগেছে ঝাড়া নয় বছর। ইশতেহারে বলেছেন ব্রেইভিক, ইউরোপকে তিনি মার্ক্সীয় বহু সংস্কৃতিবাদ ও মুসলিম অভিবাসন থেকে মুক্ত করতে চান। তাঁর মতে, এটাই ধর্মযুদ্ধ।ব্রেইভিক লিখেছেন, ‘অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যখন নৃশংসতার প্রয়োজন হয়ে পড়ে। আর প্রয়োজনীয় নৃশংসতা করতে অস্বীকৃতি জানানোর অর্থ হচ্ছে, আপনি যাঁদের রক্ষা করতে চান, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।’অসলো স্কুল অব ম্যানেজমেন্টের মতো নামী প্রতিষ্ঠানে পড়াশোনা করা ব্রেইভিক একসময় দেশের রক্ষণশীল দল প্রোগ্রেস পার্টির সদস্য ছিলেন। ওই দলের যুব সংগঠনের অনেক আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। পার্লামেন্টে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ এই দলটি অভিবাসনের বিরোধী। অন্যদিকে ক্ষমতাসীন মধ্য বামপন্থী লেবার পার্টি অভিবাসনের বিষয়ে নমনীয়। এ কারণেই ব্রেইভিকের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লেবার দল। অসলোতে প্রধানমন্ত্রীর কার্যালয় আর উটোয়া দ্বীপে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের সম্মেলনেই তিনি হামলা করেছেন।নরওয়ের মোট জনসংখ্যার ১০ শতাংশই অভিবাসী। এই ভিনদেশিদের কেউ কেউ মনে করেন ‘উড়ে এসে জুড়ে বসা’। অনেকে তাঁদের মেনে নিতে পারেন না। তবে তাঁদের সংখ্যা বেশি নয়। এদিকে ব্রেইভিক চাইতেন, তাঁর দল প্রোগ্রেস পার্টি অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিক। কিন্তু দলটি অভিবাসনের বিরোধিতা করলেও তা রুখতে অতটা কঠোর হতে রাজি নয়। নিজের চাওয়া পূরণ না হওয়ায় ২০০৬ সালে দল ছেড়ে বেরিয়ে যান ব্রেইভিক।ভিনদেশিরা এসে সম্পদ ভোগ করছে। আবার ছড়িয়ে দিচ্ছে ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্ম। এ নিয়ে শুধু নরওয়ে নয়, উদ্বিগ্ন ইউরোপের অনেক দেশের মানুষ।ফেসবুক অ্যাকাউন্টে ব্রেইভিক নিজের পরিচয় দিয়েছেন রক্ষণশীল খ্রিষ্টান হিসেবে। নিজেকে তিনি ভাবেন একজন ‘নাইটস টেম্পলার’ যোদ্ধা। মধ্যযুগে ধর্মযুদ্ধের সঙ্গে জড়িত ছিল খ্রিষ্টানদের এই সংগঠনটি। এরা ভাবত, শ্বেতাঙ্গ মানুষই শ্রেষ্ঠ।৩২ বছরের যুবক ব্রেইভিক লিখেছেন, ‘আমাদের মতো দেশপ্রেমিকদের রক্তে ইউরোপের স্বাধীনতার বৃক্ষ আবার সতেজ হয়ে উঠবে। কয়েক দশক ধরে চলবে এই যুদ্ধ এবং আমরাই বিজয়ী হব।’লড়াই শুরুর জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন ব্রেইভিক। তাঁর যোগাযোগ ছিল ইংল্যান্ডের কট্টরপন্থী দল ইংলিশ ডিফেন্স লিগের সঙ্গে। এই দলটিও ইসলামবিদ্বেষী। ইউরোপে ইসলামের বিস্তার রুখতে চায় তারাও। প্রতিবেশী সুইডেনের নব্য-নাৎসিবাদীদের সঙ্গেও সম্পর্ক ছিল ব্রেইভিকের। তাঁদের ইন্টারনেটভিত্তিক ফোরাম নরডিকসের সদস্য তিনি।ব্রেইভিক বেশ কয়েক বছর ধরে নরওয়ে সমাজের বদলে যাওয়া পর্যবেক্ষণ করছিলেন। যেভাবে দেশটিতে বহু সাংস্কৃতিক বৈচিত্র্য পাখা মেলছিল, তা দেখে আতঙ্কিত হয়ে ওঠেন তিনি। তিনি মনে করতেন, যে রাজনৈতিক আদর্শ একে সম্ভব করে তুলছে, তাতে বড় ধরনের ধাক্কা না দিলে এটি নজরে পড়বে না। এ জন্য তিনি অভিবাসীদের আঘাত না করে করেছেন খোদ নিজের সরকার ও ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্তদের।কেবল নরওয়ে নয়, ইউরোপজুড়েই বেশ কয়েক বছর ধরে চলছে একটি জোরালো ও ক্রমবর্ধমান অভিবাসনবিরোধী মনোভাব। এর একটি কারণ অবশ্যই বেকারত্ব। কিন্তু নিজেদের আত্মপরিচয় হুমকির মুখে পড়াও এর একটি কারণ। ইউরোপীয় সমাজ দ্রুত বদলে যাচ্ছে। ইউরোপীয় ও জাতীয় উভয় পর্যায়ে নাগরিক সমাজে এ মর্মে হতাশা বাড়ছে যে সরকার বা নেতারা ভোটারদের চাওয়া-পাওয়ার কদর করছেন না।বিশ্বায়নের এই যুগে দুনিয়া ক্রমেই এক বিশাল গ্রামে পরিণত হতে চললেও জাতীয় আত্মপরিচয় সম্ভবত আরও জোরদার হচ্ছে। আত্মপরিচয়ের ক্ষেত্রে জাতিভিত্তিক রাষ্ট্রই এখনো বেশির ভাগ নাগরিকের মনজুড়ে আছে। এ কারণেই ইউরোপের অনেক স্থানে জাতীয়তাবাদী দলগুলো নির্বাচনে আগের চেয়ে ভালো ফল করছে। এ ধরনের দলের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে প্রায়ই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইউরোপে। তবে কেউ কেউ আবার এমন মতও দিয়েছেন, মানুষের হতাশা বা বিচ্ছিন্নতার অনুভূতি প্রকাশের একটি কার্যকর উপায় এই দলগুলো। এমনকি ডেভিড ক্যামেরন বা আঙ্গেলা মেরকেলের মতো ইউরোপের বড় নেতাদের কেউ কেউ বহু সংস্কৃতিবাদের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। দুশ্চিন্তার কথা হচ্ছে, দায়িত্বশীল নেতাদের এ ধরনের মন্তব্য উগ্রপন্থাকে উসকে দিতে পারে। পর্যবেক্ষকেরা মনে করেন, এ বিষয়ে উন্মুক্ত ও স্বচ্ছ বিতর্ক দরকার। কারণ, গোপন রাখা এ নিয়ে অযৌক্তিক আতঙ্কের জন্ম দেয়।উটোয়া দ্বীপের ঘটনা জানাজানি হওয়ার পর প্রথমে অনেকেই মনে করেছিলেন, এটা আল-কায়েদা বা তাদের কোনো সহযোগীর কাজ। ব্রেইভিক হামলার সময় নিজে নিহত হলে সে ধারণা হয়তো এড়ানোও কঠিন হতো। কিন্তু তাঁর জীবিত গ্রেপ্তার হওয়া, গ্রেপ্তারের পরই ঘটনার দায় স্বীকার এবং ফেসবুক-টুইটার-ইউটিউব অ্যাকাউন্ট ঘেঁটে পরিচয় ও চিন্তাভাবনার নমুনা পাওয়ায় অনেক সন্দেহের অবসান ঘটেছে। ইউরোপে সাম্প্রতিক সময়ে মাথাচাড়া দেওয়া ইসলামবিদ্বেষী মনোভাব ভেতরে ভেতরে কতটা বেড়েছে, তা প্রকাশ পেয়েছে এ ঘটনায়। তবে নরওয়ে একদিক দিয়ে বেঁচে গেছে যে এটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নয়। এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয়। এখন তাঁরা সেদিকে মনোযোগ দিতে পারবে। তবে তা করতে গেলেই আবার সমস্যা। সে পথে গেলেই হয়তো সফল হবে ব্রেইভিকের মতো উগ্রপন্থীদের উদ্দেশ্য। তিনি তো চাইছেন, তাঁর দেশ সব উদারতা বাদ দিয়ে রক্ষণশীল হয়ে যাক। অভিবাসীদের মুখের ওপর দরজা বন্ধ করে দিক।নরওয়ে এখন হয়তো অভিবাসনের বিষয়ে কড়াকড়ি আরোপের কথা ভাবতে প্রলুব্ধ হবে। কর্তৃপক্ষ দেশের সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করবে। আর জনগণের নিরাপত্তা নিয়ে ব্যতিব্যস্ত হতে হবে, যা এত দিন তাদের না ভাবলেও চলত। এসব করতে গিয়ে সরকার জনগণকে যে ব্যবস্থা উপহার দেবে, তা তাঁদের মাথার ওপর বোঝা হয়ে দাঁড়াবে। সেই বোঝায় চাপা পড়তে পারে নরওয়েবাসীর শান্তি আর সরলতা।