নরকযন্ত্রণা নিয়ে নবতিপর সুনাও সুবোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে কী ঘটে গেছে। চারদিকে এত ধোঁয়া ছিল যে, ১০০ গজ দূরের কিছুও দেখা যাচ্ছিল না। কিন্তু যা দেখলাম, তাতে আমার কোনো সন্দেহ ছিল না যে— দুনিয়াতেই আমি একটা জ্যান্ত নরকে ঢুকে পড়েছি।’ এভাবেই বিভীষিকাময় সেই ভয়াবহ দিনটির কথা মনে করছিলেন হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার শিকার হয়ে বেঁচে থাকা ৯০ বছর পেরোনো সুনাও সুবোই।

হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার পর সৃষ্ট পারমাণবিক মেঘের কুণ্ডলীর বিশালাকার এক ছবির সামনে এক জাপানি বালক। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কের পিস মেমোরিয়াল মিউজিয়াম থেকে তোলা করবিসের ছবি।
হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার পর সৃষ্ট পারমাণবিক মেঘের কুণ্ডলীর বিশালাকার এক ছবির সামনে এক জাপানি বালক। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কের পিস মেমোরিয়াল মিউজিয়াম থেকে তোলা করবিসের ছবি।

জাপানিরা হিরোশিমা ও নাগাসাকি পারমাণবিক বোমা হামলার শিকার হয়ে প্রাণে বেঁচে থাকা মানুষদের বোঝাতে ‘হিবাকুশা’ শব্দটি ব্যবহার করে থাকে । আগামীকাল ৬ আগস্ট জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৭০ বছর পূর্ণ হচ্ছে। দিবসটিকে ঘিরে জাপানসহ সারা দুনিয়ার মানুষ স্মরণ করবে পারমাণবিক বোমা হামলার ভয়াবহতা। কিন্তু এই দিবসকে ঘিরেই এখন জাপানের হিবাকুশা বা পারমাণবিক বোমা হামলার শিকার হয়েও বেঁচে থাকা মানুষদের মনে কাজ করছে আরেক ভয়। তাঁরা ভাবছেন তাঁদের দিন ফুরিয়ে আসছে, আর তাঁরা বিদায় নিলে দুনিয়ার মানুষের কাছে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতার কথা কারা তুলে ধরবেন?

১৯৪৫ সালে সুনাও সুবোইয়ের বয়স ছিল ২০ বছর। তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ৬ আগস্ট হিরোশিমায় হামলার সময় সেখানেই ছিলেন তিনি। সকালবেলা যুক্তরাষ্ট্রের বি-২৯ বোমারু বিমান ‘এনোলা গে’ থেকে সেখানে ফেলা হয়েছিল ১৫ কিলোটনের পারমাণবিক বোমা ‘লিটল বয়’। এ হামলায় তাৎক্ষণিকভাবে নিহত হন ৬০ থেকে ৮০ হাজার মানুষ। এক মাসের মধ্যে নিহতের সংখ্যা পৌঁছে গিয়েছিল ১ লাখ ৪০ হাজারে।

২০১৪ সালের আগস্ট পর্যন্ত হিরোশিমা ও নাগাসাকিতে বোমা হামলায় জখম এবং পারমাণবিক তেজস্ক্রিয়তাজনিত রোগে ভুগে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজারে। এর মধ্যে হিরোশিমায় নিহতের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৩২৫ জন। আর হিরোশিমা হামলার তিন দিন পর নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার কারণে নিহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৪০৯ জন।

সেদিন অলৌকিকভাবেই যেন দুনিয়ার ভয়াবহতম এই হামলায় প্রাণে বেঁচে যান অল্প কিছু মানুষ। সুবোই তাঁদের মতোই হিবাকুশাদের একজন। হামলার ঘণ্টা তিনেক পর প্রচণ্ড জখম নিয়ে কোনোমতে মিয়োকি সেতুর কাছে জড়ো হয়েছিলেন সুবোই। সাহায্যের খোঁজে আরও কিছু মানুষের সঙ্গে সেখানে যেতে পেরেছিলেন তিনি। সুবোই বলেন, ‘আমরা জরুরি চিকিৎসা পাওয়ার আশায় ছিলাম। কিন্তু সেখানে কোনো ওষুধ, খাদ্য এমনকি পানিও ছিল না। আমি ভেবেছিলাম অন্তিম সময় চলে এসেছে।’

হিরোশিমায় হামলার তিন ঘণ্টা পর মিয়োকি সেতুর সামনে তোলা ছবিতে নিজেকে দেখাচ্ছেন সুনাও সুবোই। ছবি: দ্য গার্ডিয়ান
হিরোশিমায় হামলার তিন ঘণ্টা পর মিয়োকি সেতুর সামনে তোলা ছবিতে নিজেকে দেখাচ্ছেন সুনাও সুবোই। ছবি: দ্য গার্ডিয়ান

হিরোশিমায় সেদিন তোলা ছবিগুলোর মধ্যে টিকে থাকা অল্প কয়েকটি ছবির একটিতে দেখা যায় সুনাও সুবোইকে। একটা ভবনের সামনে রাস্তায় বসে থাকা কিছু আর্ত মানুষ। ভয়ানক বিস্ময় নিয়ে চারপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলো দেখছে। একপাশে স্কুলের বাচ্চাদের গায়ে ভোজ্যতেল ঢেলে আগুনে ঝলসে যাওয়া ক্ষতের ব্যথা কমানোর চেষ্টা করছে পুলিশ। ওই ছবিতে ক্যামেরার দিকে পেছনে ফেরা ন্যাড়া মাথার যুবকটিই আজকের হিবাকুশা সুবোই।

একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ মনে আছে সুবোইয়ের। ওই শব্দ শোনার সঙ্গে সঙ্গেই ৩০ ফুট দূরে ছিটকে পড়েছিলেন তিনি। জ্ঞান ফেরার পর টের পেয়েছিলেন যে, প্রায় পুরো শরীরটাই পুড়ে গেছে। তাঁর শার্টের হাতা আর প্যান্টের অনেকটা অংশও হাওয়া হয়ে গিয়েছিল। সেদিনই যেন জীবনে নরকে যাওয়ার, নরক দেখার অভিজ্ঞতা হয় সুবোইয়ের।

সুবোই বলেন, ‘মানুষ চিৎকার করে সাহায্যের জন্য কাঁদছিল, মা-বাবা-ভাই-বোনকে স্বজনকে ডাকছিল। স্কুলের একটা মেয়েকে দেখলাম, ওর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে গালের ওপর ঝুলে ছিল। মানুষজনকে ভূতের মতো দেখাচ্ছিল, টলতে টলতে পড়ে যাওয়ার আগে রক্তঝরা ক্ষতবিক্ষত শরীর নিয়ে তাঁরা বাঁচার চেষ্টা করছিল। অনেকেই হাত-পা সহ শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছিলেন।’

‘চারদিকে আগুনে কয়লা হয়ে যাওয়া লাশ আর লাশ। নদীতেও পোড়া-কয়লা লাশ। নিচে তাকিয়ে দেখলাম একটা লোক ফুটো হয়ে যাওয়া পেটে হাত দিয়ে নাড়িভুঁড়ি বেরিয়ে আসা আটকানোর চেষ্টা করছে। মানুষের মাংস পোড়ার তীব্র গন্ধ সহ্য করাটা খুবই কঠিন ছিল।’

সুনাও সুবোইয়ের হাতে হিরোশিমার মিয়োকি সেতুর সামনের সেই ঐতিহাসিক ছবি। ছবি: দ্য গার্ডিয়ান
সুনাও সুবোইয়ের হাতে হিরোশিমার মিয়োকি সেতুর সামনের সেই ঐতিহাসিক ছবি। ছবি: দ্য গার্ডিয়ান

হিরোশিমার মিয়োকি সেতুর কাছে এই পরিস্থিতির মধ্য থেকে উদ্ধার করে অন্যান্যদের সঙ্গে সুবোইকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রায় এক মাস অজ্ঞান ছিলেন তিনি। সুবোইয়ের জ্ঞান ফেরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্র বাহিনীর দখলদারিতে চলে যাওয়া জাপানে। এরপর আরও ১১ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সুবোইকে। চিকিৎসকের অনেকবারই তাঁকে বলেছেন তিনি হয়তো আর বাঁচবেন না। দুইবার ক্যানসার ধরা পড়ে তাঁর। নানা অসুখের জন্য তাঁকে অনেক সারা জীবন ধরে অনেক অনেক ওষুধ খেতে হয়েছে। কিন্তু প্রবল সব প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে টিকে ছিলেন তিনি। তবে, সুবোই জানেন খুব দ্রুতই দিন ফুরিয়ে আসছে তাঁর।

গত মাসেই বেঁচে থাকা হিবাকুশাদের গড় বয়স ৮০ বছর পার হলো। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলার শিকার হয়েও বেঁচে থাকা এমন ১ লাখ ৮৩ হাজার হিবাকুশার নাম নিবন্ধন করতে পেরেছিল জাপানের সরকার। কিন্তু হিবাকুশাদের মৃত্যু আর তাঁদের শারীরিক অক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হিবাকুশা সংগঠনের তৎপরতাও কমে আসছে।

সারা জাপানে বিস্তৃত ‘নিহোন হিদাঙ্কিয়ো’ নামের একটি হিবাকুশা সংগঠনের সহসভাপতি সুনাও সুবোই। সাবেক স্কুল প্রিন্সিপাল সুবোই জাপানের বিভিন্ন অঞ্চলসহ দুনিয়ার নানা দেশে ঘুরে বেড়িয়েছেন মানুষকে পারমাণবিক বোমার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে। হিবাকুশাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানিয়ে দিতে।

সুবোইয়ের মতোই আরেক হিবাকুশা হিরোকো হাতাকেয়ামা। ১৯৪৫ সালে তাঁর বয়স ছিল মাত্র ছয় বছর। হাতাকেয়ামা বলেন, ‘আর ১০-১৫ বছরের মধ্যেই আমি আর থাকব না। আমাদের সবার মনেই যে প্রশ্ন ঘুরছে তা হলো-দুনিয়ার মানুষের কাছে পারমাণবিক বোমার ভয়াবহতার কথা, আমাদের কথাগুলো বলার কাজটা, আমাদের বার্তাটা কীভাবে মানুষের কাছে পৌঁছানো যাবে? কারা কীভাবে এই কাজটা করবে? ’

(দ্য গার্ডিয়ান অবলম্বনে)