নরম কোমল ত্বকের যত্ন

পঞ্জিকার পাতায় শীত এখনো না এলেও তার আগমনীটা তো টের পাওয়া যাচ্ছেই। একটু একটু হিমেল এই আবহাওয়া বড়দের জন্য বেশ উপভোগ্য, কিন্তু বাড়ির ছোট্ট সদস্যকে কিন্তু তা বিড়ম্বনায় ফেলছে। শিশুদের ত্বক বড়দের ত্বকের চেয়ে একদমই আলাদা। পাল্টে যাওয়া আবহাওয়ায় শিশুর মানিয়ে নিতে বেশ কষ্ট হয়। তাই বাড়ির অন্য সদস্যদের সচেতন হতে হবে শিশুর যত্নআত্তিতে। এই আবহাওয়ায় শিশুর ত্বকের যত্নে করণীয়গুলো জেনে নিন এখনই। এ নিয়ে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কুমার চৌধুরী।
শীতে শিশুর শরীরে যাতে প্রয়োজনীয় পানির ঘাটতি না হয়, সে জন্য বারবার পানি খাওয়াতে হবে শিশুকে। তাতে ত্বক ভালো থাকবে শিশুর।
শিশু যে ঘরে থাকে, সেই ঘরের তাপ ধরে রাখতে দিনের বেলায় দরজা-জানালা খুলে দিয়ে রোদ আসতে দিন। রাতে শিশুর প্রয়োজন মেনে শীত বস্ত্র পরাতে হবে। এতে শিশুর ত্বক জলীয় বাষ্প হারাবে কম এবং ত্বক সুস্থ থাকবে।
শিশুর ত্বকের খসখসে ভাব দূর করতে নারকেল তেল ব্যবহার করা ভালো। নরম হাতে তেল দিয়ে মালিশ করিয়ে দিতে পারেন শিশুকে।
যেদিন বেশি কুয়াশা থাকবে, সেদিন শিশুর গোসলের সময় কমিয়ে দিন। হালকা উষ্ণ পানিতে শিশুকে দ্রুত গোসল করিয়ে ফেলুন। গোসল শেষে নরম তোয়ালে দিয়ে শরীর মুছে দিন। ত্বক শুকিয়ে যাওয়ার আগেই চটজলদি ময়েশ্চারাইজার লাগিয়ে দিন।
শিশুকে সকালের নরম রোদে খেলতে সুযোগ দিন। সকালের রোদ শিশুর ত্বকে ভিটামিন ডি-এর জোগান দেবে।
বাজার ভরে উঠছে শীতকালীন ফলে, শিশুকে নিয়ম করে কমলা খাওয়ান। কমলার রস শিশুর ত্বকের জন্য খুব দরকারি।
শিশুর সুষম খাদ্য নিশ্চিত করুন। চেষ্টা করুন প্রতিবেলা খাবারে শাকসবজি রাখতে।