নরম ত্বকে কোমল যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুবদলের পালায় প্রকৃতিতে আবার এসেছে শীত। শীতের শুরুতে ত্বক হয়ে যায় রুক্ষ আর শুষ্ক। শিশুদের ত্বক যেহেতু সংবেদনশীল, তাই শীতের প্রভাব শিশুদের ত্বকের ওপরই বেশি পড়ে। এ সময় শিশুর কোমল ত্বকের যত্ন কেমন হবে সেটাই মায়েদের প্রধান ভাবনা। আর দুশ্চিন্তার অবসান ঘটাতে কেউ বা শরণাপন্ন হন রূপবিশেষজ্ঞ, কেউ বা শিশুবিশেষজ্ঞের। বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান শিশুবিশেষজ্ঞ তাহমিনা বেগম বলেন, এ সময় ধুলোবালি যেহেতু বেশি থাকে, তাই শিশুকে প্রতিদিন গোসল করাতে হবে। অনেক মা ভাবেন, হালকা ঠান্ডায় শিশুকে গোসল না-ই বা করালাম। কিন্তু এতে শিশুর ত্বক বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিশুর ত্বকে দেখা দেয় ফুসকুড়ি, চুলকানি আর ফাঙ্গাস ইনফেকশনের মতো চর্মরোগ। তাই এই ঋতুতে শিশুকে প্রতিদিন গোসল করাতে হবে। ত্বক ভালো রাখার জন্য গোসলের বিকল্প নেই। সপ্তাহে দুইবার সাবান ব্যবহার করলে ভালো হয়। গোসল শেষে মাথার চুল ভালো করে মুছে ফেলতে হবে। গোসল করার আগে শরীরে হালকা করে তেল মাখানো যেতে পারে। তবে গোসলের পরে মাথায় বেশি করে তেল দিলে শিশুর ঠান্ডা লাগার আশঙ্কা থাকে।হেরোবিক্স ব্রাইডালের প্রধান পরিচালক ও রূপবিশেষজ্ঞ তানজিনা শারমিন বলেন, এই ঋতুতে প্রতিদিন শিশুকে গোসল করাতে হবে। খুব গরম বা ঠান্ডা পানি দিয়ে নয়, বরং কুসুমগরম পানি দিয়ে গোসল করানো ভালো। তবে নবজাতক অর্থাৎ যে শিশুর বয়স দুই সপ্তাহের মধ্যে, এই ঋতুতে তাদের গোসলের পরিবর্তে গরম পানি দিয়ে শরীর স্পঞ্জ করিয়ে দেওয়াই ভালো। গোসলের সময় সাবান ব্যবহার করলে অলিভ অয়েল, কোকোনাট এবং পামঅয়েলযুক্ত সাবান ব্যবহার করা ভালো। সপ্তাহে একবার চুলে শ্যাম্পু ব্যবহার করা উচিত। গোসল শেষে চুল ভালো করে মুছে ফেলতে হবে। শিশুর চুল একটু বড় হলে চিরুনি দিয়ে আঁচড়ে দিলে চুলগুলো ঝরঝরে হয়ে যায়। গোসলের পর সরিষার তেল দিতে হবে এমন কোনো কথা নেই। তবে তেল ব্যবহার করলে শিশুদের জন্য উপযোগী হলো অপেক্ষাকৃত হালকা তেল; যেমন অলিভ অয়েল, বেবি অয়েল। আবার নারকেল তেলের সঙ্গে তিলের তেল মিশিয়েও শিশুর সারা শরীরে ম্যাসাজ করা যেতে পারে। শিশুর শরীর ম্যাসাজ করার সময় বুক ও পেটে চক্রাকারে ম্যাসাজ করুন। হাত ও পায়ে ম্যাসাজ করতে হবে ওপর থেকে নিচে। ভেজা ন্যাপি বা ডায়পার বেশি সময় পরিয়ে রাখলে শিশুর ত্বকে র‌্যাশ উঠতে পারে। তাই ভেজা ন্যাপি বা ডায়পার বদলে দিয়ে স্টেরেলাইজড তুলা দিয়ে মুছে ফেলতে হবে। সূর্যের আলোতে ভিটামিন-ডি আছে। তাই শিশুর ত্বকের কথা বিবেচনা করে শীতের সময় মায়েরা শিশুকে রোদে রাখেন। এ ক্ষেত্রে সকালের রোদ উপকারী। বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শিশুকে রোদে নিলে ত্বকের ক্ষতি হয়। শিশুর জন্য অবশ্যই বেবি লোশন, ক্রিম, শ্যাম্পু, সাবান, তেল ব্যবহার করতে হবে। আর ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত।মনে রাখুন শিশুকে প্রতিদিন গোসল করাতে হবে গোসলের সময় শিশুর উপযোগী সাবান, শ্যাম্পু ব্যবহার করতে হবে। অপেক্ষাকৃত হালকা তেল ব্যবহার করা যাবে। তেল দিয়ে শরীর ম্যাসাজ করলে ভালো হয়। গোসলের পরে মাথার চুল মুছে ফেলতে হবে।  সর্বোপরি শিশুবিশেষজ্ঞের পরামর্শ নিয়ে শিশুর যত্ন নেওয়া উচিত।