কাব্যপালা, আবৃত্তি, মোড়ক উন্মোচন, মূকাভিনয় ও নৃত্য—নরেন আবৃত্তি একাডেমির ১৪ বছর পূর্তি উপলক্ষে জমজমাট আয়োজন। ২০ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসে সংগঠনের নবীন-প্রবীণ সদস্যদের মিলনমেলা।
শুরুতে ছিল কাব্যনাট্য ‘এ বেলা হবে না নাওয়া’। এখানে ফুটে ওঠে সমাজের নানা অস্থিরতার কথা। অন্যদিকে জাত-পাতের নিয়ম–শৃঙ্খল ভাঙতে গিয়ে প্রাণ দিল অবলা নারী শ্রীলেখা। ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’ কাব্যপালা নাড়া দেয় দর্শকদের।
এরপর ফারজানা করিমের কবিতার অ্যালবাম পুতুল–এর মোড়ক উন্মোচন করেন কবি খালিদ আহসান, বিশ্বজিৎ চৌধুরী, এজাজ ইউসুফী, মৃদুল আলম ও জিললুর রহমান। মোড়ক উন্মোচনের পর ছিল কবিদের কণ্ঠে কবিতা পাঠ। কবি খালিদ আহসান ‘প্রাতরাশের টেবিলে’, বিশ্বজিৎ চৌধুরী ‘তুমি এখন খুব ভালো আছ’, এজাজ ইউসুফী ‘বিরহের পঙ্ক্তিমালা’ ও জিললুর রহমান পাঠ করেন ‘জল পতন’।
এবার বৃন্দ পরিবেশনা। এতে প্রমা আবৃত্তি সংগঠনের ‘চিরকালের প্রমিথিউস’, নির্মাণ আবৃত্তি অঙ্গনের ‘জনক আমার স্বাধীনতা, চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্রের ‘এই আমার বাংলায়’ ও সায়মা সংগীত বিদ্যালয়ের ‘এমন যদি হতো’ বৃন্দ আবৃত্তি মুগ্ধ করে শ্রোতাদের। এরপর ভিশন প্যান্টোমাইমের মূকাভিনয়, রাফাহ্ নানজীবা ও পৃথা পারমিতার নৃত্য মঞ্চ মাতায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল আমন্ত্রিত শিল্পীদের আবৃত্তি। আবৃত্তি করেন রাশেদ হাসান, ফারজানা করিম, মাহবুবুর রহমান, ফোরকান ইমন, সৈয়দ হোসেন, তাসকিয়াতুন নূর তানিয়া ও এহতেশামুল হক।