নর্থ সাউথের আফরিন এখন ‘তারকা’ উদ্যোক্তা

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম বর্ষে পড়েন আফরিন তাইয়্যেবা আলিফ। এর মধ্যেই পারিবারিক বিনিয়োগে ঢাকার মাদানী অ্যাভিনিউতে ঠিকানা নামে একটি রিসোর্ট চালু করেছেন তিনি। নিজ রিসোর্টে পিটুনিয়া ফুল দিয়ে তৈরি করেছেন বিশাল এক শহীদ মিনার। এখন সেটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির অপেক্ষায় আছে। তরুণ এই উদ্যোক্তার সাক্ষাৎকার নিয়েছেন মো. সাইফুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠিকানার উদ্যোক্তা আফরিন তাইয়্যেবা আলিফ
ছবি: সুমন ইউসুফ

একাদশ শ্রেণিতে পড়ার সময় আপনি ঠিকানা রিসোর্ট চালু করেন। আইডিয়াটা কীভাবে মাথায় এল?

আমার বাবা আলিফ খান একজন ব্যবসায়ী। এই জায়গা আমার বাবার, কিন্তু ব্যবসায়িকভাবে এটা ব্যবহার করার তেমন কোনো পরিকল্পনা তাঁর ছিল না। আমার মা আফরোজা বেগমেরও একটা উদ্যোগ আছে, নাম খান’স কিচেন। ভাবলাম, জায়গা আর কিচেনের সাপোর্ট যেহেতু আছে, আমি এখানে একটা ওপেন রেস্তোরাঁ করি না কেন। ঢাকা শহরে কিন্তু এমন খোলা জায়গা খুব বেশি নেই। তা ছাড়া আমার সব সময় ইচ্ছা ছিল যে পড়ালেখার পাশাপাশি কিছু করব। এখন আমি যখন ইউনিভার্সিটিতে মার্কেটিং পড়ছি বা ম্যানেজমেন্ট পড়ছি, তখন বাস্তবজীবনের সঙ্গে মেলাতে পারছি। কারণ, ব্যবসাতেও এসব বিষয় আমার দেখতে হয়। কাজ করতে করতেই অনেক কিছু শিখছি।

ফুল নিয়ে তো বোধ হয় আপনি আগেও কাজ করেছেন।

২০১৯ সালের জানুয়ারিতে খুব কম পরিসরে কিছু গাঁদা ফুল আর পিটুনিয়া লাগিয়েছিলাম। পিটুনিয়া জাপানি ফুল। তো তখন দেখলাম, এই ফুলগুলো দর্শনার্থীদের খুব টানছে। সবাই ফুলের কাছে যাচ্ছেন, ছবি তুলছেন। এপ্রিলের দিকে আর ফুল ছিল না। তখন দেখি, মানুষ এসে জিজ্ঞেস করছে, ‘আপনাদের ফুলগুলো কই?’ তখন ভাবলাম, আরও বড় কিছু করা দরকার। বাংলাদেশে যে পিটুনিয়া পাওয়া যায়, সেগুলো খুব বেশি টেকে না। ঠিক করলাম, বাইরে থেকে আনাব। এর মধ্যে কোভিড শুরু হয়ে গেল। নানা ঝামেলার পরও আমরা ৩০ হাজার চারা আনতে পেরেছিলাম। ২০২১ সালের ফেব্রুয়ারিতে পিটুনিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা আর ডায়ান্থাস দিয়ে আয়োজন করলাম ফুল উৎসব। ফুল উৎসবে মানুষের আরও আগ্রহ দেখে মনে হলো, নাহ্‌, আরও বড় কিছু করতে হবে।

আফরিন তাইয়্যেবা আলিফ পড়ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম বর্ষে
ছবি: সুমন ইউসুফ

চারতলা একটি ভবন ফুলগাছ দিয়ে সাজানোর পরিকল্পনা মাথায় এল কেন?

ভবনের সামনের খোলা জায়গাটা কাঠের পাটাতন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি। নাম দিয়েছি ‘খোলা আকাশ’। জায়গাটা আমার খুব পছন্দ। কিন্তু দেখলাম, এদিকটাতে মানুষ খুব বেশি আসে না। শুধু রেস্তোরাঁর কাছেই ভিড় করে। এখানে এলেও দেখি ছবি তোলার সময় একজন আরেকজনকে বলে, ‘পেছনের নীল বিল্ডিংটা যেন না আসে।’ ভাবলাম, ওকে! বিল্ডিংটা এমনভাবে সাজাব যে মানুষ এটার ছবিই তুলতে আসবে।

কতগুলো গাছ লেগেছে?

পুরো ভবনটি সাজানোর পরিকল্পনা করার পর জাপান থেকে আমরা প্রায় ১০ লাখ পিটুনিয়ার চারা আনিয়েছি। শুধু শহীদ মিনারের জন্যই লেগেছে ১২ হাজার ফুলের গাছ। তা ছাড়া শুধু সাজালেই তো হয় না, সব কটি গাছের যত্ন নিতে হয়। আমাদের এখানে একটি নার্সারি আছে। গাছের যত্ন নেওয়ার জন্য ৩০ জন লোক প্রতিদিন কাজ করছেন।

ফুলের টানেই আসছেন দর্শনার্থীরা
ছবি: প্রথম আলো

প্রতিদিন অনেক মানুষ আসছে এই শহীদ মিনার দেখতে।

হ্যাঁ। শুক্র-শনিবার প্রচণ্ড ভিড় হয়। এমনিতে আমাদের এখানে আগে থেকে বুকিং দিয়ে আসার নিয়ম। কিন্তু দূরদূরান্ত থেকে শুধু ফুল দেখার জন্য কেউ যখন চলে আসেন পরিবার-পরিজন নিয়ে, আমরা তো তাঁদের ফিরিয়ে দিতে পারি না।

শহীদ মিনার করার কথা ভাবলেন কেন?

আমার তো সব সময় প্রকৃতি নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। ভাবলাম, এর সঙ্গে আমাদের ইতিহাসটাও যদি তুলে ধরা যায়। আগে মানুষ এসে ফুল সম্পর্কে জানতে চাইত। আমাদের এই আয়োজন দেখে বাগান করার প্রতি আগ্রহী হতো। এখন বাচ্চারা দেখি বাবা-মায়ের কাছে শহীদ মিনার সম্পর্কেও জানতে চায়। আমার সার্থকতা এখানেই।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে সাড়া পেয়েছেন?

গিনেসে আবেদন করার প্ল্যানও শুরুতে ছিল না। যখন দেখলাম শহীদ মিনারটি প্রায় ৩৪ ফিট উঁচু আর প্রস্থে ২২০ ফিট, তখন আমি অনলাইনে খুঁজতে শুরু করি যে ফুল দিয়ে এত বড় শহীদ মিনার আগে কখনো হয়েছে কি না। দেখলাম নেই। তখন গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলাম। তারা নানা ডকুমেন্টস চাইল, সেগুলো পাঠালাম। এখন স্বীকৃতির অপেক্ষায় আছি।

পড়ালেখার পাশাপাশি এত সব দায়িত্ব পালন করতে সমস্যা হয় না?

তা তো কিছুটা হয়ই। একদিকে ইউনিভার্সিটির পড়ালেখা। তার ওপর অন্দরসজ্জার ওপর সাত মাসের একটা কোর্স করছি, যেন ইন্টেরিয়রের বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারি। আমার ছোট দুই ভাই-বোন আছে, ওদেরকেও দেখাশোনা করতে হয়। সব মিলিয়ে এক সময় দিনের ২৪ ঘণ্টা সময়টা খুব কম মনে হচ্ছিল। সকালে ক্লাস, এরপর ইন্টেরিয়রের কোর্স, বাসার কাজ করে আবার রাতে ঠিকানার পরিকল্পনা নিয়ে বসতাম। সপ্তাহের চার দিন ক্লাস থাকে। বাকি তিন দিন এখানে সময় দিতে হয়।

৩০ জন কর্মী কাজ করছেন ফুলের পরিচর্যায়
ছবি: প্রথম আলো

ব্যবসা করতে গিয়ে এমন কিছু শিখেছেন, যেটা আপনার কাছে খুব বিশেষ মনে হয়েছে, যা আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে চান...

একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যোগাযোগ। আমি কিন্তু এখানে কল সেন্টার, অভ্যর্থনা, খাবার পরিবেশন, নার্সারি—সব সেক্টরে কাজ করেছি। কর্মীদের সঙ্গে আমি নিজে কাজ করি বলেই সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো। নিজে যদি কাজ না করি, আমি তো জানব না কোথায় কোন সমস্যাটা কীভাবে সমাধান করা যায়।

এখন তো আপনার বেশ একটা পরিচিতি হয়ে গেছে। অনেককেই দেখলাম আপনার সঙ্গে ছবি তুলতে চাইছেন।

এটা তো আমার বন্ধুরা বলে। ‘তুই তো সেলিব্রেটি হয়ে গিয়েছিস!’ আসলে না। আমার কখনোই ফেইমের প্রতি খুব একটা আগ্রহ ছিল না; বরং যখন দেখি অনেক দূর থেকে মানুষ আসে, মোবাইলের বাইরে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটায়, তখন ভালো লাগে। আমি তো সব সময়ই এখানে ঘুরে ঘুরে লক্ষ করি, মানুষ কী বলছে, কী চাইছে। আশপাশ থেকে যখন শুনি, ‘জায়গাটা খুব সুন্দর করেছে’, আমার তাতেই মন ভরে যায়। একজন এসে বললেন, ‘আপনাকে দেখে আমার মেয়ে একটা বাগান করেছে।’ আবার ইউটিউবে দেখেছি, ঠিকানা থেকে অনুপ্রাণিত হয়ে কোনো এক গ্রামে একজন পানির ওপরে টিনের ঘর দিয়ে একটা রেস্তোরাঁ করেছেন। আমার কাছে এগুলোই ভালো লাগে।