নর্থ সাউথের নাটকের দলটি
মঞ্চে জনার্ধন বাবু। সামনে কাবুলিওয়ালার পোশাকে ছদ্মবেশী ‘পুলিশওয়ালা’। তার পকেটে পিস্তল থাকার কথা। পকেট হাতড়ে পাওয়া যাচ্ছে না সেটা। কী করবেন তিনি? উপস্থিত বুদ্ধিতে বলে উঠলেন জনার্ধন বাবু ‘ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম বাবু’। বলেই পরের দৃশ্যে চলে গেলেন। দর্শক বুঝতেই পারল না মঞ্চে উপস্থিত দুজনের করুণ দশা। ঘটনাটি মনে পড়তেই ওদের হাসতে হাসতে পেটে খিল। কত কিছুই না হয় নাটক করতে গিয়ে!বসে আছি নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের সদস্যদের সঙ্গে। বাংলাদেশের যে কটি বেসরকারি ভালো বিশ্ববিদ্যালয়ের কথা প্রথমেই মনে পড়ে, তার মাঝে এটি অন্যতম। পড়াশোনা, ক্লাস, নোট নেওয়া, অ্যাসাইনমেন্ট তৈরি করা—এসবের মধ্য দিয়েই চলে যায় ওদের দিন। এর মধ্যে কী করে বানায় নাটক নিয়ে মেতে থাকার অজুহাত? ‘স্বপ্ন। হ্যাঁ এটা আমার স্বপ্নের জায়গা। অভিনয় করার মধ্য দিয়ে মনে আঁকা স্বপ্নগুলোই সবাইকে দেখাই’—যেন স্বপ্নে বিভোর হয়ে বলে যাচ্ছিলেন তাওহীদুল হাসান। ‘সিডিসি আমাকে লোভী বানিয়ে দিয়েছে’—এম আরিফুল ইসলাম কথাটি বলতেই হাসির ফোয়ারা উঠল ঘরটিতে। কিন্তু না, কথা সত্যি। নতুন কোনো কিছু করতে চাওয়ার লোভেই পেয়ে বসেছে তাকে। ইসাবা ফাইরুজের কাছে এ জায়গা এখন পরিবারেরই মতো। উমামাহ মাহমুদের মতো অনেকেরই মনে হয় এখানে বাইরের সমস্ত কষ্ট, ধকল ভুলে থাকা যায়। ক্লাবটির প্রেসিডেন্ট মুসাব্বির তামিম অবশ্য সবার মনের কথা বলে দিলেন। ‘যখন নাটকের মহড়া চলে প্রচুর চাপ থাকে। কিন্তু এটাই যেন মজা! নাটক শেষ হয়ে গেলে ভেতরে-বাইরে চারদিকে একটা শূন্যতা কাজ করে। এ পর্যায়ে এসে যেন আমরা এক বিন্দুতে মিলিত হই।’কিন্তু পড়াশোনা? ক্ষতি হয় না তার? ‘একদমই না। জোঁকের মতো লেগে থেকে একে অপরকে সারাক্ষণ মনে করিয়ে দিই পরীক্ষার কথা’, জানালেন তিসা। নাটকের প্রতি তাঁদের ভালোবাসা কতটা গভীর, তা দেখা যাক। সৈয়দ এজাজ আহমেদ যখন প্রিয় আদনান ভাইয়ের ঘটনা বললেন। নাটক মঞ্চস্থ হতে ঠিক দুই ঘণ্টা বাকি। রিহার্সাল করতে গিয়েই পা মচকে যায় তার। পরবর্তী দুই ঘণ্টা প্রচণ্ড ব্যথাসহ মচকানো পাকে চরিত্রের একটি অংশ করেই কাজটি করে যান। একটু পেছন ফিরে দেখা যাক। ১৯৯৬ সালে যাত্রা শুরু ক্লাবটির। এ পর্যন্ত ৩৫টির মতো নাটক তৈরি করেছে। ওয়ার্কশপের পাশাপাশি প্রতি সেমিস্টারেই একটি করে নাটক তৈরি করা হয়। পরীক্ষামূলক, লোকনাটক, হাসির নাটক, ইংরেজি গল্পসহ বেশ কিছু উল্লেখযোগ্য কাজ এ পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস, রবীন্দ্রনাথের তাসের দেশ, মলিয়েরের বিদগ্ধ রমণীকুল, উত্পল দত্তের মেঘ রয়েছে।ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুস সেলিম ওদের ফ্যাকাল্টি অ্যাডভাইজার, তাঁরই অনুপ্রেরণায় ওরা নিজেদের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে।নতুন কিছু শেখার অদম্য ইচ্ছা এখানে সবার। আরিফুর রহমান বলে উঠলেন, ‘এটা আসলে নেশার মতো।’ মানেটা এই কাহিনিতেই বোঝা যাবে। ২০০৬ সালের লাগাতার অবরোধ-হরতালের সময় জীবন-মরণের সমস্যা নিয়েই ওরা যে যেখানে থাকুক, মহড়ার জন্য ঠিক সকাল নয়টায় হাজির হতো শিল্পকলা একাডেমীর পাশে অবস্থিত বাড়িটিতে। নাটকপাগল এ ছেলেমেয়েগুলো কী করে এ সময় ঘরে বসে থাকে। মঞ্চের প্রেমে মশগুল এ ছেলেমেয়েগুলো যখনই তাদের চরিত্রে ঢোকে, ভুলে যায় বাইরের সবকিছু । তারা তখন অন্য জগতের বাসিন্দা। বাইরের কেউ তখন এ জগত্ থেকে তাদের বের করার সাহস না দেখালেই ভালো।