নর্দমা থেকে পানীয়জল ধোঁয়া থেকে বিদ্যুৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলায় ঢুকতেই চোখে পড়ল বিশাল আকারের একটি কাগজের ক্যানভাসে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি তুলে ধরা হয়েছে। ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ক্লাবের পরিবেশনা ছিল এটি। ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে দেশগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তুলে ধরেছি।’ বললেন ক্লাবের সদস্য উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক। ওই স্টলে কথা হয় নওশিন তাবাসসুম, নাবিলা ইউসুফ, পদ্মশ্রী বিশ্বাস ও তাসনিম মুনিয়ামের সঙ্গে। এঁরা সবাই উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী। তাঁদের প্রকল্পের নাম গ্রিন বিল্ডিং টেকনোলজি। এর মাধ্যমে সৌরশক্তি ব্যবহার করে সড়কবাতি জ্বালানো যাবে। প্রকল্পের বর্ণনা দিতে গিয়ে তাবাসসুম জানান, ‘আমাদের দেশে বিদ্যুৎ সমস্যা প্রকট। এর ওপর সড়কবাতিতেই খরচ হয় বিপুল পরিমাণ বিদ্যুৎ। এ ক্ষেত্রে আমরা যদি তা সাশ্রয় করতে পারি তাহলে সে বিদ্যুৎ অন্য কোথাও কাজে লাগাতে পারব। এতে লোডশেডিংও কমে আসবে।’খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যানবাহনের ধোঁয়া ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের কৌশল দেখালেন। এ দলে ছিলেন শুভাশীষ চাকমা, কনোজ দেওয়ান, তনয় চাকমা, মহাবীর চাকমা ও সজীব চাকমা। তাঁরা বললেন, ‘প্রতিদিন যানবাহন, কলকারখানার ধোঁয়া দূষণ ঘটাচ্ছে। অথচ এ ধোঁয়াকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এ প্রকল্পে আমরা তা-ই দেখিয়েছি।’চট্টগ্রাম সেনানিবাসের ক্যান্টনমেন্ট ইংলিশ অ্যান্ড কলেজে ২৩ জানুয়ারি তিন দিনের এই বিজ্ঞান মেলা শুরু হয়েছিল। ৩০টি প্রকল্প নিয়ে মেলায় অংশ নেয় নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—বায়েজিদ লাইন উচ্চবিদ্যালয়, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, বিএমএ উচ্চবিদ্যালয়, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, জাহাঙ্গীর লাইন উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সেনানিবাস উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ লে. জিএম মুশফিক বীর উত্তম উচ্চবিদ্যালয়। স্কুল শাখায় প্রথম হয় ‘সড়কবাতিতে নবায়নযোগ্য সৌরশক্তি’ প্রকল্পের জন্য ক্যান্টনমেন্ট ইংলিশ অ্যান্ড কলেজ। ‘পার্বত্য এলাকায় দুর্ঘটনারোধে স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত’ প্রকল্পের জন্য দ্বিতীয় হয় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ তৃতীয় হয় ‘বাংলাদেশের উন্নয়ন’ প্রকল্পের জন্য। কলেজ শাখায় প্রথম হয় ‘ধোঁয়া কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্পের জন্য খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ‘নর্দমার পানি পুনর্নবায়ন করে ব্যবহার উপযোগী করা’ প্রকল্পের জন্য দ্বিতীয় হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন বলেন, ‘প্রতিটি মুহূর্তে বিজ্ঞান আমাদের সঙ্গে আছে। আমাদের চলাফেরা সবকিছুতেই বিজ্ঞানের প্রভাব রয়েছে কমবেশি। বিজ্ঞানের সফল প্রয়োগ আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিতে যেতে পারে। আমাদের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনের মাধ্যমে সে কাজটিকে সহজ করে তুলছে।’ প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আসহাব আরও বলেন, ‘আজকের খুদে বিজ্ঞানীদের মধ্যেই লুকিয়ে আছে অনেক সুপ্ত প্রতিভা। আমরা সেদিনের অপেক্ষায় আছি যেদিন এ দেশ মেধাবী বিজ্ঞানীদের পদভারে হবে মুখরিত।’