সাতকানিয়া পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় তিন হাজার অগভীর নলকূপে পানি উঠছে না। ফলে সব ওয়ার্ডে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ওয়ার্ডগুলো হচ্ছে রামপুর-গাটিয়াপাড়া, মাইজপাড়া-সামিয়ারপাড়া, সতিপাড়া, সমদরপাড়া, ছিদুয়াপাড়া, চরপাড়া, গোয়ালিয়াপাড়া, রূপকানিয়া-ইছামতিকূল এবং গোয়াজরপাড়া-আশেকেরপাড়া-খলিফাপাড়া। পৌর এলাকার মোট জনসংখ্যা প্রায় এক লাখ।গাটিয়াপাড়া এলাকার গৃহবধূ মুন্নি আকতার ও মমতাজ বেগম জানান, প্রতিবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় পাঁচ মাস এ রকম পানির সংকট চলে। ১ নম্বর ওয়ার্ডের গাটিয়াপাড়ার বাসিন্দা সরওয়ার কামাল জানান, শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে এসব এলাকার অগভীর নলকূপে পানি পাওয়া যায় না। একই এলাকার আবদুল হালিম বলেন, ‘পৌর এলাকার কৃষিজমিতে গভীর নলকূপ বসিয়ে বোরো চাষ করার ফলে পানি নিচের স্তরে নেমে যাচ্ছে।’ এলাকার লোকজন জানান, এলাকায় আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা খাওয়ার ও পারিবারিক অন্য কাজে ব্যবহারের জন্য গভীর নলকূপ বসিয়ে পানি তুলছেন। পৌরসভা কর্তৃপক্ষ খাবার পানির সংকট দূর করতে কোনো ব্যবস্থা নেয়নি। সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, অগভীর নলকূপগুলোতে পানি উঠছে না। অনেক বাড়িতে খাবার পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আবার অনেকে স্থাপন করেছে সাবমার সিবল (১৪০ ফুট নিচে পাম্প বসিয়ে পানি তোলার যন্ত্র)। গাটিয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সাবেক এক ব্যাংক কর্মকর্তা আবদুল মোতালেব নিজের সাবমার সিবল থেকে এলাকার লোকজনের মাঝে খাবার পানি বিতরণ করছেন। তিনি জানান, প্রতিবেশীদের সমস্যা দেখে তিনি প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা প্রায় সাতটা পর্যন্ত প্রতিবেশীদের মধ্যে খাবার পানি বিতরণ করে থাকেন। এলাকার বাসিন্দা মো. শাকিল আহমদ বলেন, ‘মোতালেব চাচার পানির মেশিন (সেচযন্ত্র) না থাকলে আমাদের খাবার পানির অভাবে মরতে হতো।’ পানিসংকটের ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া পৌর মেয়র মাহমুদুর রহমান বলেন, ‘আমি বিষয়টি নিয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি শিগগিরই শতাধিক গভীর নলকূপ পৌরসভার জন্য পাওয়া যাবে। তখন হয়তো এ সংকট থাকবে না।’সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন পারভেজ বলেন, ‘কিছু গভীর নলকূপ আমাদের কাছে এসেছে। এগুলো স্থাপনের জন্য দরপত্র আহ্বান, ঠিকাদার নিয়োগসহ কিছু প্রক্রিয়া শেষ করতে হবে।’ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী মো. ইকবাল হোসাইন বলেন, ‘পানির স্তর নিচে নেমে গিয়ে প্রায় ৬০ ভাগ অগভীর নলকূপ অকেজো হয়ে গেছে। এলাকার পানিসংকটের কথা চিন্তা করে আমরা গভীর নলকূপের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরে অতিরিক্ত চাহিদাপত্র পাঠিয়েছি।’