নলকূপ আছে পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়িতে শুষ্ক মৌসুমের শুরুতেই পানির স্তর নেমে যাচ্ছে। কিছু এলাকায় পানি উঠছে না নলকূপে, যেগুলো সচল আছে, তাতেও পানি আসছে অল্প। ফলে ওই সব এলাকায় পানীয়জলের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে, উত্তর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় পানির সংকট তীব্র আকার ধারণ করছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তর ফটিকছড়ির বিভিন্ন এলাকার অনেক নলকূপ ইতিমধ্যে অকেজো হয়ে গেছে। এসব এলাকার লোকজন খাওয়া ও নিত্যকাজে ব্যবহার করছে পুকুর-ছড়ার পানি। ফলে আক্রান্ত হচ্ছে পানিবাহিত নানা রোগে। উপজেলার বাগান বাজারের চা-দোকানদার মো. আলমগীর হোসেন বলেন, ‘এখানকার ৫০ ভাগ নলকূপে এখন পানি উঠছে না। নলকূপে পানি না পেয়ে সবাই পুকুরের পানি ব্যবহার করছে।’ চাঁনপুর গ্রামের গৃহিনী আছমা বেগম (২৮) বলেন, ‘আমাদের বাড়ির আশপাশে তিনটি নলকূপ আছে। কিন্তু এখন একটাতেও পানি উঠছে না। খাওয়ার পানির জন্য যেতে হচ্ছে প্রায় এক মাইল দূরে পাশের গ্রামে।’ দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম বলেন, ‘কাঞ্চনা, বড় বেতুয়া, মনুয়ারখীল, বালুখালী, বালুটিলা, ছোট বেতুয়া, নিশ্চিন্তা, সিকদারখীল, ধুলিয়াছড়ি, বাংলামারা, নতুনপাড়াসহ ইউনিয়নের আরও কয়েকটি গ্রামে প্রায় দেড় হাজার নলকূপে এখন পানি পাওয়া যাচ্ছে না।’ নারায়ণহাটের ইউপি চেয়ারম্যান জাফর মাহমুদ সিকদার বলেন, ‘পিলখানা, ত্রিপুরাপাড়া, নেপচুন চা-বাগান, হালদাভ্যালি চা-বাগান, পঞ্চবটি চা-বাগান, ধামারখীল, শ্বেতছড়া, হরিণমারা, আলিয়ারঘোনা যোগ্যারখীল, আনন্দপুর গ্রামে দুই শতাধিক নলকূপে পানি ওঠে না। দূরের গভীর নলকূপ থেকে সংগ্রহ করছেন।’ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, উপজেলায় অগভীর নলকূপের সংখ্যা ৪৭ হাজার ৭৬৯টি। কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক নলকূপে পানি উঠছে না। এসব এলাকায় গভীর নলকূপ স্থাপন ছাড়া কোনো বিকল্প নেই। এ প্রসঙ্গে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন বলেন, ‘বর্তমানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপে ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না। এ কারণে কিছু এলাকায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনে প্রকৃতির ওপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। খরা কাটাতে বৃষ্টির অপেক্ষা করতে হবে।’