নলকূপে পানি উঠছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কোনো এলাকার নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। টানা খরায় পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নলকূপে পানি না পাওয়ায় বিভিন্ন আবাসিক এলাকার বাসিন্দারা তীব্র পানির সংকটে পড়েছেন। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে। এদিকে, পানির অভাবে উপজেলার সাড়ে তিন হাজার হেক্টর কৃষি জমি অনাবাদি রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ চলমান খরা ও অনাবৃষ্টি। শিগগির বৃষ্টি না হলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে তাঁরা জানান।

সীতাকুণ্ড জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্যে এ মাসে ভূগর্ভস্থ পানির স্তর রেকর্ড পরিমাণ নিচে নেমেছে। উপজেলার সৈয়দপুর, বারৈয়ারঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা ও পৌরসভা এলাকায় ভুগর্ভস্থ পানি স্বাভাবিক স্তর থেকে ১৮ থেকে ২০ ফুট নিচে নেমে গেছে। সোনাইছড়ি, ভাটিয়ারী ও ছলিমপুর এলাকায় নেমেছে ২৫ থেকে ২৬ ফুট।

জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, গত ২০ বছরে উপজেলায় এমন পানির সংকট দেখা যায়নি। নলকূপে পানি না ওঠায় দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার বাসিন্দারা।

বাঁশবাড়িয়া এলাকার কৃষক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, সমুদ্রতীরে তাঁর ২৭ শতক জমিতে এবার সেচের অভাবে চাষাবাদ করতে পারেননি। অগভীর নলকূপে পানি না ওঠায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পানির সংকটের কারণে এবার অনেক কৃষক বোরোর আবাদ করতে পারেননি। তাছাড়া সাগরপাড়ের কিছু জমিতে চাষাবাদ করেও সেচের অভাবে ভালো ফলন হয়নি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এস এম শাহ আলম প্রথম আলোকে বলেন, শুষ্ক মৌসুমে নিচে নেমে গেলেও, বৃষ্টি হলে ভুগর্ভের পানির স্তর উঠে আসে। এবার অস্বাভাবিক হারে পানির স্তর নিচে নামছে। বৃষ্টি না হলে পানির সংকট তীব্রতর হবে।