নলুয়াকে মডেল ইউনিয়নে পরিণত করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। গত ১১ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন নুরুল আবছারের স্ত্রী তসলিমা আকতার। ১ মে সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন তিনি। কথা বলেছেন মো. জাহেদ হোসাইনপ্রথম আলো: প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাও ভিন্ন একটা পরিস্থিতিতে। কেমন লেগেছে?তসলিমা: মনোনয়নপত্র দাখিলের পর গণসংযোগ করতে গিয়ে প্রথম দিকে একটু সংকোচ আর ভয় লেগেছে। অনেকটা পরীক্ষাভীতির মতো। অবশ্য পরে তা কেটে গেছে।প্রথম আলো: আপনি প্রার্থী হিসেবে নতুন। অথচ নলুয়া ইউনিয়নের জনগণ দলমত নির্বিশেষে আপনাকে ভোট দিয়েছে। এর কারণ কী?তসলিমা: আমি মনে করি আমার স্বামীর জনপ্রিয়তার কারণেই ভোটাররা আমাকে ভোট দিয়েছেন। প্রথম আলো: আপনি চট্টগ্রামের একমাত্র নির্বাচিত মহিলা ইউপি চেয়ারম্যান। এ ব্যাপারে আপনার অনুভূতি কী? তসলিমা: আমি চট্টগ্রামের একমাত্র মহিলা ইউপি চেয়ারম্যান, এটা ভাবতে ভালো লাগে। গর্ববোধ করি। তবে এটা আমার অর্জন নয়। আমার স্বামীর জনপ্রিয়তার কারণেই আমি নির্বাচিত হয়েছি।প্রথম আলো: স্বামী হত্যার বিচারের ব্যাপারে কী পদক্ষেপ নেবেন?তসলিমা: আমি আইনকে শ্রদ্ধা করি। আমি মনে করি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। সামনে কী হয় তা দেখার বিষয়। আমি মূলত আমার স্বামী হত্যার প্রতিশোধ নিতে নির্বাচন করিনি। নুরুল আবছারের অসমাপ্ত কাজগুলো আমি শেষ করে যেতে চাই।প্রথম আলো: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?তসলিমা: আমার স্বামীর স্বপ্ন ছিল নলুয়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। আমি তা বাস্তবায়নের চেষ্টা করব। এলাকার দরিদ্র জনগণকে সাহায্য করাও আমার দায়িত্ব। পাশাপাশি রাস্তাঘাটসহ ইউনিয়নের অবকাঠামো নির্মাণ করব। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব।প্রথম আলো: আপনি কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন?তসলিমা: আমি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত নই। তবে আমার স্বামীর রাজনৈতিক আদর্শকে সমর্থন করি।প্রথম আলো: আপনি একসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। নির্বাচনের জন্য শিক্ষকতা ছেড়ে দিয়েছেন। এখন আপনার আয়ের উৎস কী?তসলিমা: নুরুল আবছারের প্রতিষ্ঠান চাইল্ড হেভেন কিন্ডার গার্টেন স্কুলে অধ্যক্ষ হিসেবে যোগদান করছি। তা ছাড়া আমি কুটির শিল্পের কাজ জানি। একটা বুটিক হাউজ ও প্রশিক্ষণকেন্দ্র খোলার ইচ্ছে আছে। এতে নিজের আয়ও হবে এলাকার মানুষের কর্মসংস্থানও হবে। তবে আমার কোনো উচ্চাভিলাষ নেই।