নলুয়ার মানুষ ভুলতে পারছে না তাঁকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নলুয়া ইউনিয়নের মুন্সিরপাড়া। স্থানীয় লোকজনের কাছে পরিচিত আবছার চেয়ারম্যানের বাড়ি হিসেবে। মুন্সিরপাড়ায় ঢোকার মুখে নুরুল আবছারের ছবিসংবলিত একটি পরিচিতিফলকে চোখ আটকে যায়। তাতে লেখা: ‘তুমি আছ মোদের হূদয় মাঝে, থাকবে চিরকাল’। এলাকার তরুণেরা এই পরিচিতিফলকটি তৈরি করেন।পাশের চায়ের দোকানে বসে কথা বলছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। প্রয়াত চেয়ারম্যান নুরুল আবছারের কথা তুলতেই মুখ থেকে কথা কেড়ে নেন মোজাম্মেল হক (৫০) নামের এক ব্যক্তি।মোজাম্মেল হক বলেন, ‘এমন চেয়ারম্যান হয় না। মাত্র পাঁচ মাসেই তিনি সবার প্রিয়পাত্র হয়ে ওঠেন। যেকোনো কাজে মানুষ তাঁর কাছে গিয়ে ফেরত আসেননি। বিচার-সালিসেও তাঁর দক্ষতা ছিল। কিন্তু ভালো মানুষটাকে বাঁচতে দিল না তারা।’ তাঁর কথার সায় দিলেন অন্যরাও। তাঁরা বলেন, ‘আমরা অভিভাবকহারা হয়েছি। আমাদের ক্ষতিটাও কম নয়।’স্থানীয় মরফলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘আবছার আজীবন সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে গেছেন। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। নলুয়ার মানুষ তাঁকে কখনোই ভুলতে পারবে না। তাঁর বড় গুণ ছিল, সবার সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন। কিন্তু তাঁকে বেশি দূর এগোতে দেয়নি দুর্বৃত্তরা। আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, প্রকৃত অপরাধীরা যেন পার পেয়ে না যায়।’ তরুণদের কাছেও সমান জনপ্রিয় আবছার। তাঁদের নানা সামাজিক কাজে সম্পৃক্ত করার চেষ্টা করতেন। স্থানীয় তরুণদের সংগঠন সনাতনী যুব সংঘের সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তী বলেন, ‘আবছার ভাই আমাদের প্রেরণা। নলুয়ার মানুষের মনে তিনি সব সময় জাগ্রত। তাঁর একটি বড় গুণ, এলাকার কাজে প্রাধান্য দিতেন তরুণদের। খারাপ কাজে যেন কেউ যুক্ত হতে না পারে, সে জন্য তিনি সজাগ থাকতেন। যাঁরা চাকরি ও ব্যবসার কাজে বাইরে থাকতেন, তাঁদের অন্তত একবার হলেও গ্রামের বাড়ি আসতে বলতেন। উদ্বুদ্ধ করতেন গ্রামের জন্য কিছু করতে।’