সাতকানিয়ায় তিন দফা বন্যায় বীজতলা, আমন, আউশ ও সবজিখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। লোকসানের মুখে পড়েছেন চাষিরা। অনেকে এই মৌসুমে চাষ বন্ধ রাখছেন।
সরেজমিনে ২২ ও ২৩ আগস্ট খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া, মাহাজনপাড়া মাইজপাড়া ও কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ, মাইঙ্গাপাড়া, কাঠগড় ও আলমগীরপাড়া ঘুরে দেখা গেছে, অধিকাংশ রোপা আমনখেত সম্পূর্ণ পচে গেছে। অনেক জমি থেকে এখনো পর্যন্ত বন্যার পানি সরে যায়নি। সব সবজিখেত পচে গেছে। খেত বলতে আছে শুধু বেড়া আর ছোট ছোট বাঁশের কঞ্চি।
চরখাগরিয়া এলাকার কৃষক মো. আবুল কাসেম (৫০) বলেন, ‘জুলাই মাসে দ্বিতীয় দফার বন্যার পানিতে প্রায় দেড় একর সবজিখেত নষ্ট হয়ে গিয়েছিল। বন্যার পানি কমে গেলে ওই জমিতে চন্দনাইশ থেকে চারা এনে আমন চাষ করেছি। কিন্তু দ্বিতীয় দফার বন্যায় ওই আমনখেত নষ্ট হয়ে গেছে।’
কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকার কৃষক মো. নুরুন্নবী (৫২) বলেন, ‘একবার নষ্ট হওয়ার পর দ্বিতীয়বার ধার-কর্জ করে আমনখেত করেছিলাম। সেই খেত পচে গেছে। এখন নিঃস্ব হয়ে গেছি। এই মৌসুমে আর চাষ করা সম্ভব হবে না।’
উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দ্বিতীয় দফা বন্যার ধকল কাটিয়ে উপজেলার কৃষকেরা নতুন করে আমন চারা রোপণ করছিলেন। কিন্তু আবারও টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জুলাই মাসের শেষে সৃষ্ট বন্যায় সাতকানিয়া উপজেলায় ৫২০ হেক্টর জমির আমন বীজতলা ও ৬০০ হেক্টর জমির আমনখেত পচে গিয়েছিল। আউশখেত নষ্ট হয়েছে ৫০ হেক্টর। ৭৫০ হেক্টর জমিতে চাষ করা করলা, কাঁকরোল, বরবটি, চিচিঙ্গা, শসা ও ঝিঙাখেত সম্পূর্ণ নষ্ট হয়েছে। মরে গেছে প্রায় ১৬ হাজার পেঁপেগাছ। ওই সময়ের বন্যার পর কৃষকেরা পাশের উপজেলা পটিয়া, চন্দনাইশ ও লোহাগাড়া থেকে বেশি দামে চারা সংগ্রহের মাধ্যমে নতুন করে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে আমন চাষ করেছিলেন। তা ছাড়া কিছু কৃষক বীজ সংগ্রহ করে ১৫০ হেক্টর জমিতে বীজতলাও তৈরি করেন।
কিন্তু ১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত চার দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট তৃতীয় দফা বন্যার পানিতে ডুবে উপজেলার অধিকাংশ এলাকায় আবারও বীজতলা, আমনখেত ও সবজিখেত নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বলেন, দুই দফায় বীজতলা, আমন ও সবজিখেত নষ্ট হওয়ায় এ বছর অনেক জমিতে চাষ করা সম্ভব হবে না। জমিগুলো পরিত্যক্ত পড়ে থাকবে।