কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের জন্য আনা কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে। এসব যন্ত্রাংশ দেড় বছর আগে চীন থেকে আনা হয়।এক্সচেঞ্জের টেকনিশিয়ান মনিরুল আলম পাটোয়ারী বলেন, ‘দীর্ঘদিন যন্ত্রাংশগুলো পুরোনো ঘরের একটি কক্ষে রাখা ছিল। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ওই কক্ষের টিনের দুর্বল ছাদ ভেঙে পড়ে যন্ত্রাংশগুলো বৃষ্টির পানিতে ভিজে যায়। তবে দ্রুত এগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়।’ সরেজমিনে দেখা গেছে, টানা কয়েক দিনের বৃষ্টির পানি পড়ায় কয়েকটি বাক্সের গায়ে শ্যাওলা জন্মেছে। যন্ত্রাংশগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন কক্ষে এবং খোলা বারান্দায় এলোমেলোভাবে রাখা হয়েছে। এ প্রসঙ্গে কাপ্তাই টেলিফোন এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী প্রবোদ দাশগুপ্ত বলেন, বৃষ্টির পানি পড়লেও যন্ত্রাংশের কোনো ক্ষতি হয়নি। তিনি জানান, চন্দ্রঘোনায় ৫০০ ডিজিটের এক্সচেঞ্জ বসানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে আনা হয়। তবে যন্ত্রাংশ বসানোর খরচ না পাওয়ায় এক্সচেঞ্জ সচল করা যায়নি। কর্ণফুলী কাগজ কল (কেপিএম) প্রশাসন বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ২০০৪ সালে তৎ কালীন তার ও টেলিযোগাযোগ বিভাগকে (টিঅ্যান্ডটি) কেপিএম আড়াই একর জমি বরাদ্দ দেয়। টিঅ্যান্ডটি বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে কেপিএম যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জমি দেয়। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা অবদুল খালেক জানান, আগে এখানে ১৫০ ডিজিটের একটি নিম্নমানের এক্সচেঞ্জ ছিল। প্রায় ১০ বছর আগে এক্সচেঞ্জটি বন্ধ হয়ে যায়। এখানে টেলিফোনের অনেক গ্রাহক রয়েছেন। ডিজিটাল এক্সচেঞ্জ চালু হলে এলাকার সার্বিক উন্নতি হবে।