নষ্ট হচ্ছে ১২ কোটি টাকার গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনি জটিলতার কারণে রাঙামাটি উত্তর বন বিভাগের অধীনে নারাইছড়ি, মেরুং ও হাজাছড়া রেঞ্জে ১২ কোটি টাকার কাঠ নষ্ট হচ্ছে। ২০০৭ সালের বিভিন্ন সময় এসব কাঠ জব্দ করা হয়। কয়েক বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় ইতিমধ্যে পচে গেছে অনেক কাঠ। আবার রোদ-বৃষ্টিতে কিছু ফেটে গেছে। বন বিভাগও এসব কাঠ পাহারা দিতে হিমশিম খাচ্ছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের বিভিন্ন সময় বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ এসব কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ৮২ হাজার ঘনফুট, যার বর্তমান বাজার মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা। জব্দ করা কাঠের মধ্যে সেগুন, চাঁপা ফুলের কাঠ, কড়ই, চাপালিশ, গর্জন ও গামারি রয়েছে।নারাইছড়ি রেঞ্জের উপ-রেঞ্জার ওয়াহেদুল হক বলেন, ‘এত কোটি টাকার সম্পদ চোখের সামনে নষ্ট হচ্ছে, তা আমাদের খুবই পীড়া দেয়। তা ছাড়া রাত-দিন সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হচ্ছে এগুলো। শুকনো মৌসুমে ভয় আরও বেড়ে যায়। যদি কোনোভাবে আগুন লেগে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে।’মেরুং রেঞ্জের বিট কর্মকর্তা রঞ্জিত কান্তি ভট্টাচার্য বলেন, ‘এই মূল্যবান কাঠ নিয়ে আমাদের সব সময় ব্যতিব্যস্ত থাকতে হয়। কোনো কাঠ চুরি হয়েছে কি না, কাঠে যে মার্কিং করা হয়েছে, তা ঠিক আছে কি না দেখতে হয়। এত মূল্যবান কাঠ নষ্ট হয়ে গেলেও আমাদের করার কিছুই নেই।’সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি জেলার দীঘিনালার জামতলিতে অবস্থিত নারাইছড়ি, মেরুং ও হাজাছড়া রেঞ্জ অফিসের সামনে জব্দকৃত কাঠ স্তূপ করে রাখা হয়েছে। দীর্ঘদিন খোলা আকাশের নিচে থাকায় অনেক কাঠ পচে গেছে, অনেক কাঠ রোদ-বৃষ্টিতে ফেটে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগের নিয়ম অনুযায়ী কোনো অবৈধ কাঠ জব্দ করা হলে (যদি মালিকানা না থাকে) এক মাস পর তা চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত সরকারি কাঠের ডিপোয় পাঠাতে হয়। সেখানে নিলামের মাধ্যমে কাঠ বিক্রি করা হয়। জব্দকৃত কাঠের যদি মালিকানা থাকে, তাহলেও ওই কাঠ কালুরঘাটে সরকারি ডিপোয় নিয়ে নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হয়। মালিকানা দাবি করে মামলা হলে রায় যার পক্ষে যায়, অর্থ তারাই পায়। জব্দ করা এসব কাঠের ক্ষেত্রেও এই উদ্যোগ নেওয়া হয়। বন বিভাগের এই উদ্যোগের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী শামসুল হুদা চৌধুরী ও মনিরুল ইসলাম ভূঁইয়া একটি (রিট নম্বর-৩০৮৬/২০০৭) এবং হাজি তৈয়ব (রিট নম্বর-৪১৫৫/২০০৭) একটি—মোট দুটি রিট দায়ের করেন উচ্চ আদালতে। আদালত এসব কাঠ কালুরঘাটে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দেন। ফলে কাঠগুলো আর কালুরঘাটে পাঠানো সম্ভব হয়নি। সেই থেকে জামতলির তিনটি রেঞ্জ কার্যালয়ের সামনে জব্দকৃত কাঠ খোলা আকাশের নিচে পড়ে আছে।কাঠ ব্যবসায়ী ও রিট আবেদনকারী শামসুল হুদা চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ২০০৫ সালে হঠাৎ করে তিন পার্বত্য জেলা থেকে কাঠ পরিবহন নিষিদ্ধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিন পার্বত্য জেলার কাঠ ব্যবসায়ীদের সঙ্গে তৎকালীন বনমন্ত্রী তরিকুল ইসলামের সভাপতিত্বে ২০০৫ সালের ৩০ মার্চ বন মন্ত্রণালয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৫ দিনের মধ্যে তিন পার্বত্য জেলার সকল বৈধ ও অবৈধ কাঠের হিসাব মন্ত্রণালয়ে দিতে হবে এবং এই কাঠ পরিবহনে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী মোট আট লাখ ৫৪ হাজার ঘনফুট কাঠের হিসাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। ২০০৫ সালের ৩০ জুনের মধ্যে সাধারণ ক্ষমার আওতায় পাঁচ লাখ ঘনফুটের অধিক কাঠ পার্বত্য জেলা থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিবেশকর্মী দাউদুল ইসলাম এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করলে আদালতের নিষেধাজ্ঞার কারণে সাধারণ ক্ষমার আওতায় বাকি কাঠ আর নেওয়া সম্ভব হয় নি। জানা যায়, শামসুল হুদা চৌধুরী ও মনিরুল ইসলাম ভুঁইয়া ২০০৭ সালের মার্চ মাসে উচ্চ আদালতে রিট দায়ের করেন (রিট নং ৩০৮৬/২০০৭)। রিটে বলা হয় আবেদনকারীগণ ১৮ হাজার ৭০০ ঘনফুট কাঠ সাধারণ ক্ষমার আওতার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। শেষ পর্যন্ত উচ্চ আদালত তিনটি শর্তে বাদীর পক্ষে রায় দেন। শর্ত তিনটি হলো- বাদীকে দশ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে, ব্যক্তিগত মুচলেকা দিতে হবে এবং কাঠের মালিকানার দালিলিক প্রমাণপত্র দিতে হবে।শামসুল হুদা চৌধুরী অভিযোগ করেন, তিনটি শর্ত পূরণ করার পরও তৎকালীন রাঙামাটির বিভাগীয় বনসংরক্ষক (সিএফ) আদালতের নির্দেশনা অমান্য করে জব্দকৃত কাঠ আর ফেরত দেননি। এরপর বিভাগীয় বনসংরক্ষকের বিরুদ্ধে ২০০৯ সালে আদালত অবমাননার মামলা করা হয়। সেই মামলা এখনো বিচারধীন। তিনি বলেন, বনবিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অনীহার কারণে এসব মূল্যবান কাঠ নষ্ট হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের কাঠ ফেরত দিলে সরকার যেমন আমাদের থেকে ট্যাক্স পেত, তেমনি মালিকানাবিহীন কাঠ নিলামে বিক্রি করে সরকারও অনেক টাকা পেত। এ মূল্যবান সম্পদও নষ্ট হত না ।