নষ্ট হচ্ছে ২০ কোটি টাকার গাড়ি মারা গেছে ১০টি হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) বাঘাইহাট স্টেশনে ছয় বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় ২০ কোটি টাকার গাড়ি। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে আনা চারটি গাড়ির দামই শুধু ১২ কোটি টাকা। গাছ টানার ১৫টি হাতির ১০টিই মারা গেছে। এখন পাঁচটি হাতি আছে, তবে এগুলোরও কোনো কাজ নেই।বন মন্ত্রণালয়ে বনজ সম্পদ সরবরাহ করার জন্য ১৯৬২ সালে রাঙামাটির সাজেকের বাঘাইহাটে স্থাপন করা হয়েছিল বিএফআইডিসি স্টেশন। ওই স্টেশনের কাজ চালাতে ১৪টি গাড়ি কেনা হয়, সংগ্রহ করা হয় ১৫টি হাতি। কিন্তু ২০০৪ সালে বিএফআইডিসির কার্যক্রম বন্ধ হয়ে গেলে গাড়িগুলোর ব্যবহারও বন্ধ হয়ে যায়। গাছ টানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে যায় হাতিও। এখন একজন মাহুত পাঁচটি হাতির দেখাশোনা করেন। জানা যায়, স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী অন্যত্র বদলি হয়ে গেছেন। এখন একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও সম্পদ দেখাশোনায় কয়েকজন তত্ত্বাবধায়ক আছেন। বিএফআইডিসি সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে বন বিভাগের সঙ্গে চুক্তির মাধ্যমে বিএফআইডিসি বাঘাইহাট এলাকায় স্টেশন স্থাপন করে। বন বিভাগ থেকে ৬০ একর জমি নেয় স্টেশনটি। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বাঘাইহাট সংরক্ষিত বন থেকে বনজ সম্পদ আহরণ করত বিএফআইডিসি। বন মন্ত্রণালয় থেকে আদেশ (অর্ডার) এলে হাতি ও শ্রমিকের মাধ্যমে গাছ ও কাঠ সংগ্রহ করা হতো। কিন্তু বন বিভাগের ওই এলাকায় গাছ কমে যাওয়ায় ২০০৪ সালে বিএফআইডিসির কার্যক্রম বন্ধ হয়ে যায়।জানা যায়, স্টেশনের কাজ চালানোর জন্য বিভিন্ন সময়ে ২০টি দামি গাড়ি কেনা হয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে চারটি গাড়ি কেনা হয়। এখন ট্রাকসহ ১৪টি গাড়ি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। গাছ টানার জন্য যে ১৫টি হাতি আনা হয়েছিল, সেগুলোর ১০টি নানা রোগ ও দেখাশোনার অভাবে মারা যায়।বিএফআইডিসির তত্ত্বাবধায়ক মো. রুহুল আমিন এ ব্যাপারে বলেন, ‘বিদেশ থেকে চারটি গাড়ি আনা হয়েছিল। এগুলোর একেকটির দাম তিন কোটি টাকার বেশি। বাকি গাড়িগুলো দেশের বাজার থেকে কেনা। দু-একটি গাড়ি ছাড়া বাকি সব গাড়িই নষ্ট হয়ে গেছে।’রুহুল আমিন আরও বলেন, এখন এই গাড়িগুলো বিএফআইডিসির নয়। প্রকল্প শেষ হওয়ার পর এগুলো সরকারের সম্পত্তি হয়ে গেছে। তবে গাড়িগুলো নিলামে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।সরেজমিনে দেখা গেছে, ‘নষ্ট গাড়িগুলো অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। কয়েকটি গাড়ি মাটিচাপা পড়েছে। কয়েকটি সচল গাড়িও অচল হয়ে পড়েছে বলে জানান নিরাপত্তা প্রহরী মো. তৈয়ম গোলাম। তিনি বলেন, ‘আমি একাই গাড়িগুলো পাহারা দিই। একদিকে গেলে আরেক দিক থেকে গাড়ির নাটবল্টু, চেন ও দামি দামি ইঞ্জিন খুলে নিয়ে যাচ্ছে স্থানীয় চোরেরা।’ হাতির মাহুত বীর সেন চাকমা বলেন, ‘আমাদের ১৫টি হাতি ছিল। এখন দুটি বাচ্চাসহ পাঁচটি হাতি আছে মাত্র। দুবছর আগে অসুস্থ হয়ে দুটি হাতি মারা গেছে।’সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন কান্তি চাকমা জানান, বিএফআইডিসির এখন কোনো কাজ নেই। শুধু নষ্ট গাড়িগুলো পাহারা দিচ্ছে। এখানে প্রতিষ্ঠানটির কয়েক শ কোটি টাকার সম্পত্তি অযত্নে পড়ে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, ‘বাঘাইহাট এলাকায় অনেক নষ্ট গাড়ি পড়ে আছে। এগুলো কার, কেন এভাবে ফেলে রাখা হয়েছে তা জানি না।’