অস্ত্রোপচারের জন্য সার্জন (জুনিয়র কনসালট্যান্ট-সার্জারি) নেই, নেই অবেদনবিদও (অ্যানেসথেসিস্ট)। দীর্ঘদিন ধরে ব্যবহার না থাকায় নষ্ট অবস্থায় পড়ে আছে ইসিজি, এক্স-রেসহ বিভিন্ন চিকিৎসাসরঞ্জাম। এমনই দৈন্যদশার মধ্যে চলছে আনোয়ারা উপজেলা হাসপাতাল। ৩১ শয্যার হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি সেবার মান।জানা গেছে, যাতায়াতসুবিধার কারণে পার্শ্ববর্তী উপজেলা চন্দনাইশ ও বাঁশখালী থেকেও অনেক রোগী চিকিৎসা নিতে আসেন আনোয়ারা উপজেলা হাসপাতালে। কিন্তু উপযুক্ত সেবা না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন।হাসপাতাল সূত্র জানায়, ৩১ শয্যার আনোয়ারা হাসপাতালটি ২০০৬ সালের ১৬ মার্চ ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য ডেন্টাল ইউনিট, অপারেশন টেবিল (হাইড্রোলিক), ইসিজি, অটোক্যাব, সেন্ট্রিফিউজ যন্ত্র, স্ট্যাবিলাইজার, ব্লাড ব্যাংক, রেফ্রিজারেটর ও এক্স-রে যন্ত্রসহ আধুনিক সব চিকিৎসাসরঞ্জাম বরাদ্দ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এভাবে সরঞ্জামের দিক দিয়ে এটি পরিপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে রূপ নিলেও এসব সরঞ্জাম চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের জন্য লোকবল দেওয়া হয়নি হাসপাতালে। ফলে রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।অন্যদিকে ব্যবহার না থাকায় বেশির ভাগ সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। জানা গেছে, বর্তমানে হাসপাতালে সার্জারির চিকিৎসক পদের বিপরীতে দেওয়া হয়েছে শিশু চিকিৎসক মিত্রা দত্তকে। অবেদনবিদের স্থলে স্বাস্থ্য কর্মকর্তা তাসনুভা তানজিল এবং চক্ষুবিশেষজ্ঞের স্থলে গাইনি চিকিৎসক সিক্তা দাশ রোগী দেখছেন। অবেদনবিদ না থাকায় তাঁর কার্যালয় থাকে বন্ধ।হাসপাতাল সূত্র জানায়, ব্যবহার না থাকায় অবেদনিক যন্ত্রটি চালু করা যাচ্ছে না। তা ছাড়া, ইসিজি, এক্স-রে ও অস্ত্রোপচার কক্ষের বিভিন্ন দামি যন্ত্রগুলো অচল হয়ে রয়েছে। চালু নেই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং নবজাতককে রাখার যন্ত্রও।হাসপাতালের নানা সমস্যার কথা স্বীকার করে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) আবু ইউসুফ মো. ওয়াহিদ উল্লাহ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দামি সব যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘আমি সম্প্রতি এখানে যোগ দিয়েছি। সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’