অদূরে নিদারুণ সুরে একমনে বাঁশি বাজিয়ে যাচ্ছে এক রাখাল বালক। ছোট্ট একটি নদী, ছোট্ট একটি মাঠ। তারই এক কোনায় একটি আমগাছের ছায়া। দুপুরের তপ্ত রোদে একটু সুশীতল ছায়া যেন মরুর বুকে এক পশলা বৃষ্টির সমতুল্য। সেই ছায়ায় বসে আপনমনে বাঁশি বাজিয়ে যাচ্ছে রাখাল ছেলেটি। কত দিন এমন সকরুণ বাঁশির সুর শুনি না! আহা! তাই ওর কাছে গিয়ে বাঁশির সুর উপভোগ করলাম।
গ্রামাঞ্চলে আজকাল এমন চিত্র খুব কমই দেখা যায়। একসময় আমি নিজেও বাঁশি বাজাতাম। আমার এক তালই ছিলেন। জ্যোৎস্না রাতে বাড়ির উঠোনে বসে তিনি গল্প, কিচ্ছা, গান আর বাঁশি বাজাতেন। আমি এবং আমরা মন্ত্রমুগ্ধ হয়ে সেসব উপভোগ করতাম। আমার তালইয়ের সঙ্গে ছিলেন আমার এক চাচা। দুজন খুব গল্প বলতে পারতেন। রাজরাজড়া, রাক্ষস-খোক্কস, জিনপরি, দেও-দৈত্যর গল্প বলতেন। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। শুনতে শুনতে আমরা যাঁরা ছোট ছিলাম তাঁরা কখন যে ঘুমিয়ে পড়তাম, জানতামই না। যখন ঘুম ভাঙত তখন নিজেকে খুঁজে পেতাম বিছানায়। এভাবে কত কত রাত যে কেটে গেছে! সেসব গল্প এখন আর কারও মুখে বলতে শুনি না। আমি নিজেও অনেক গল্প মনে রেখেছিলাম। রাতে গল্প শুনে দিনের বেলায় বন্ধুদের সঙ্গে সেগুলো শেয়ার করতাম। জমিয়ে আড্ডা দিতাম। গল্প বলার প্রতিযোগিতা হতো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করতাম। বেশির ভাগ সময় প্রথম-দ্বিতীয়ই হয়েছি, তৃতীয় কখনো হইনি।
এরপর অনেকগুলো বছর হয়ে গেল তালই সাহেব না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাই এখন গ্রামে গেলেও সেসব আর উপভোগ করতে পারি না।
অনেক বছর পর গ্রামের এমন দৃশ্য দেখলে যে কারও মনের মধ্যে শৈশবের স্মৃতি ভেসে উঠবে; বিশেষ করে যাদের শৈশব ছিল এমন মাধুর্যমণ্ডিত।
রাকিবুল
রূপসা, সিরাজগঞ্জ