
সমস্যা
আমি স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়ছি। বেশ কয়েক বছর ধরে মারাত্মক মানসিক কষ্টে আছি। আমি রাজধানী ঢাকার চানখাঁরপুল এলাকায় হোেসনি দালান রোডের একটা বাসায় থাকতাম। সে সময় ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়। আমার লক্ষ্য ঢাকা কলেজে পড়ার সুযোগ পেতে হবে। কিন্তু ভর্তি পরীক্ষায় বাংলায় পাস নম্বর না থাকায় সুযোগ পাইনি। দ্বিতীয় দফায় যশোর সরকারি এম এম কলেজে রসায়ন বিভাগে ভর্তি হই। সমস্যার শুরু তখন থেকেই। আমার একটা নিত্যকার আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায় ঢাকা কলেজ-সংক্রান্ত ইতিহাস। প্রাচীন এই প্রতিষ্ঠানে একসময় ইউরোপিয়ান শিক্ষকেরা তাঁদের মেধা ঢেলে দিয়েছেন। তাঁদের পদধূলির চিহ্নমিশ্রিত কিছু প্রাচীন বৃক্ষ এখনো কালের সাক্ষী হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে।
এসব চিন্তার স্রোতে আমি ভাসতে থাকি নিত্যদিন ছোট্ট এই নগরের অলিগলিতে, চায়ের স্টলে, কখনো পাবলিক লাইব্রেরির ঢাউস রিডিং রুমে। মাঝেমধ্যে টাউন হল মাঠ থেকে ভেসে আসত একটা মায়াবী সুরের সাইরেন। আমি ওই সুরের রথে চেপে চলে যেতাম ফেলে আসা সেই দিনগুলোয়। এ জন্য প্রথম বর্ষ পরীক্ষার ফল বের হলে আমি ঢাকা কলেজে বদলি হওয়ার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। পরের বছর আবার চেষ্টা করি এবং ব্যর্থ হই। সামনে তৃতীয় বর্ষ পরীক্ষা। পড়াশোনায় একদম মন নেই তা নয়, তবে ওই মানসিক কষ্টে ডুবেই আছি। বই নিয়ে বসতে পারি না। বসলেই নস্টালজিয়া মৌমাছির মতো িভড় করে মস্তিষ্কের নিউরন কোষের রহস্যময় জালে।
মানব, যশোর এম এম কলেজ।
পরামর্শ
তোমার সুলিখিত চিঠিটি পড়ে মুগ্ধ হয়েছি। সে সঙ্গে তোমার জ্ঞানের ভান্ডারও অনেক প্রশংসার দাবি রাখে। ঢাকা কলেজের ইতিহাস সম্পর্কে তুমি নিজেকে সমৃদ্ধ করেছ সে জন্য তোমার মনে অনেক বেশি ভালো লাগা তৈরি হয়েছে।
বাংলা ভাষায় তোমার পারদর্শিতা থাকার পরও কী কারণে ভর্তি পরীক্ষায় বাংলায় পাস নম্বর আসেনি সেটি নিশ্চয়ই তুমি এখন বুঝতে পেরেছ। তবে ঢাকা কলেজ শুধু নয় বাংলাদেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই তাদের গৌরবময় ঐতিহ্য হারাতে বসেছে। এই দেশে শিক্ষকেরা তাঁদের প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত। বুঝতে পারছি তোমার স্বপ্নের প্রতিষ্ঠানটিতে ভর্তি হতে না পেরে তুমি কতটা অসহায় ও বিপর্যস্ত বোধ করেছ।
বারবার চেষ্টা করার ফলে তোমার হতাশা আরও বেড়ে গেছে। তুমি সেটি মোকাবিলা করে একটি সরকারি প্রতিষ্ঠানে রসায়নের মতো কঠিন বিষয়ে কিছুটা হলেও মনঃসংযোগ করতে পারছ। এটি প্রমাণ করে তোমার ভেতরে কতটা জ্ঞানপিপাসা ও মানসিক শক্তি রয়েছে। শুধু তোমার পাঠ্য বিষয়ে নয়, অন্যান্য বিষয়েও তোমার আগ্রহ ও জ্ঞান আশা করছি তোমাকে বড় অর্জনের দিকে নিয়ে যাবে। তুমি যেখানে বর্তমানে পড়ছ সেই কলেজ থেকে পড়াশোনা শেষ করে এরপর কী করবে সেই পরিকল্পনা এখন থেকেই করতে শুরু করো। ভালোভাবে চেষ্টা করলে তুমি ভবিষ্যতে হয়তো কখনো দেশের বাইরে গিয়েও পছন্দমতো কোনো কোর্স করতে পারো।
নিজেকে নিয়ে কিছু স্বপ্ন মাথায় রেখে চলতে পারলে তুমি হয়তো কিছুটা স্বস্তি পাবে।