না কিনলেও চলবে...
বিয়েতে কত রকম কেনাকাটার ঝক্কি থাকে। কেনা অনেক জিনিস বিয়ের অনুষ্ঠানের পরে আর ব্যবহার করা যায় না। এসব জিনিস যদি ভাড়ায় নেওয়া হয় তাহলে খরচ কমে কিছুটা।গাড়িবরসহ বিয়ের অতিথিদের আসা-যাওয়ার জন্য গাড়ির বিকল্প নেই। প্রয়োজন অনুযায়ী সব ধরনের গাড়িই ভাড়ায় পাওয়া যায়। দুভাবে বিয়ের গাড়ি ভাড়া দেওয়া হয়। জ্বালানি খরচসহ অথবা জ্বালানি খরচ ছাড়া। বরের জন্য ছোট গাড়ি এক দিনের জন্য ভাড়া এক হাজার থেকে তিন হাজার টাকা। সে ক্ষেত্রে জ্বালানি খরচ নিজেদের দিতে হবে। মাইক্রোবাস ভাড়া বেশির ভাগ সময় আসনের ওপর নির্ভর করে। আসন বেশি হলে ভাড়া বেশি, আর আসন কম হলে ভাড়া কিছুটা কম দিতে হয়। অতিথিদের জন্য ৯ থেকে ১২ আসনের মাইক্রোবাস ভাড়া এক দিনের জন্য জ্বালানি ছাড়া তিন থেকে সাত হাজার টাকা। অনেক সময় বিয়েতে অতিথির সংখ্যা অনেক বেশি হলে বড় বাস ভাড়া করতে হয়। সর্বোচ্চ ৫২ আসনের বাসের ভাড়া এক দিনের জন্য ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। ভিডিও ক্যামেরাবিয়ের চলমান স্মৃতিকে ধরে রাখার জন্য ভিডিও ক্যামেরা সবচেয়ে ভালো মাধ্যম। আজিমপুরে থ্রি স্টার ডেকোরেটরের স্বত্বাধিকারী শেখ মনজুর কাদের বলেন, বর্তমানে প্রায় সব বিয়েতেই বিয়ে অনুষ্ঠান ভিডিও করা হয়। খরচ হাতের নাগালে হওয়ার কারণে ছোট-বড় বিয়ে, গায়ে হলুদ, বৌভাতসহ বিয়ের সব অনুষ্ঠানে ভিডিও ক্যামেরার প্রচলন শুরু হয়েছে। বিয়ের জন্য ক্যামেরার কিছু প্যাকেজ আছে। যদি বিয়ের সব অনুষ্ঠান, মানে বিয়ে, বর ও কনের বাড়ির গায়ে হলুদ এবং বৌভাতের জন্য ক্যামেরা ভাড়া করা হয়, তাহলে প্যাকেজ আকারে ভাড়া কিছুটা কম পড়ে। চারটি অনুষ্ঠানের জন্য লাগে তিন হাজার থেকে ছয় হাজার টাকা। এ ছাড়া আলাদা আলাদা অনুষ্ঠানের জন্য যদি আলাদাভাবে ভাড়া করা হয়, তাহলে প্রতিটি অনুষ্ঠানের জন্য এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে ক্যামেরা ভাড়া পাওয়া যায়। বিয়ের পোশাকশেরোয়ানি, পাগড়ি ছাড়া কি আর বিয়ে হয়! বরের গায়ে শেরোয়ানি-পাগড়ি থাকলেই বিয়ের আসল আমেজ ফুটে ওঠে। শেরোয়ানি-পাগড়ি সব সময় পরা যায় না বলে বিয়েতে অনেকেই ভাড়া নিয়ে থাকে। ঢাকার এলিফ্যান্ট রোডের বিয়ের শেরোয়ানি-পাগড়ির দোকান লগনের স্বত্বাধিকারী এস এম শাখাওয়াত হোসেন বলেন, এখন খুব কম লোকই বিয়েতে শেরোয়ানি-পাগড়ি কেনে। বেশির ভাগ মানুষই বিয়ের জন্য এগুলো ভাড়া নিয়ে থাকে। তিনি জানান, শেরোয়ানির ভাড়া দুই থেকে পাঁচ হাজার টাকা। পাগড়ির ভাড়া ৩০০ থেকে এক হাজার টাকা। নাগরা জুতা ২০০ থেকে ৭০০ টাকার মধ্যে ভাড়া পাওয়া যায়। তবে বিয়ের পোশাক একসঙ্গে প্যাকেজ আকারে নিলে ভাড়া কিছু কম লাগে। পোশাকের বিয়ের প্যাকেজ চার হাজার থেকে ছয় হাজার টাকা। লগনের স্বত্বাধিকারী এস এম শাখাওয়াত হোসেন জানান, বিয়ের পোশাক সাধারণত এক সপ্তাহের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। পোশাকের কোনো প্রকার ক্ষতি হলে ক্ষতিপূরণের পুরো টাকা ভাড়া নেওয়া পক্ষকে দিতে হবে। গাড়িতে চড়ে বর যাবে বিয়ে করতে আর গাড়ি ফুল দিয়ে সাজানো থাকবে না, এটা এখন চিন্তাই করা যায় না। বর্তমানে বরের গাড়ি নানা রঙের ফুল দিয়ে সাজানো থাকে। শুধু বরের গাড়িই না, বরের গাড়ির সঙ্গে অতিথিদের গাড়িও অনেক সময় ফুল দিয়ে সাজানো হয়। ঢাকার শাহবাগের শান্তাপুষ্প বিতানের মালিক মো. সাইদুর রহমান বলেন, বিয়েতে রকমারি সাজে বরের গাড়ি সাজিয়ে দেওয়া হয়। যদি কেউ বরের গাড়ি সাজাতে চায় তবে দোকানে এসে ক্যাটালগ দেখে ডিজাইনের অর্ডার দিতে হবে। তিনি জানান, আমরা দোকানের সামনে ও বাসায় গিয়ে বিয়ে গাড়ি সাজাই। সে ক্ষেত্রে বাসায় গিয়ে সাজালে খরচ কিছুটা বেশি দিতে হয়। বরের গাড়ি এক হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মধ্যে সাজিয়ে দিই। অতিথিদের গাড়ি সাজাতে প্রতি গাড়িতে এক হাজার থেকে তিন হাজার টাকা লাগে।