না খেয়ে আর কত দিন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকাগুলোতে গত এক মাস ধরে চরম খাদ্যাভাব চলছে। বর্ষায় কাজ না থাকায় অধিকাংশ আদিবাসী লোক বেকার দিন কাটাচ্ছেন। বৃষ্টিতে পাহাড়ি পথঘাট পিচ্ছিল হয়ে ওঠায় চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য নেওয়া যাচ্ছে না দুর্গম এলাকায়। এর ফলে প্রায় চার হাজার পরিবার অনাহারে দিন কাটাচ্ছে।
বাঘাইছড়ির সাজেক, গঙ্গারাম, ভুয়াছড়ি, ব্যটেলিং, শিয়ালদাই, নিউ লংকর ও দোসর এলাকায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এসব এলাকার লোকজন জানান, দুই বছর আগেও জুম চাষ থেকে একটি পরিবার সারা বছরের খাদ্যের জোগান পেয়েছে। জামির উর্বরতা শক্তি কমে যাওয়ায় এখন চার-পাঁচ মাসের খাদ্যও পাওয়া যাচ্ছে না। এ ছাড়া অনেক দুর্গম এলাকা থেকে হাটবাজারের দূরত্ব এক থেকে দুই দিনের হাঁটা পথ। এসব এলাকায় আবহাওয়া অনুকূলে থাকলেও চাল পরিবহন করে নিতে অনেক খরচ পড়ে। এতে প্রতি কেজি চালের দাম ১০০ টাকার মতো দাঁড়ায়। তবে বর্ষা শুরুর পর এলাকাগুলোতে চাল দুর্লভ হয়ে উঠেছে। গত বছর বিশ্ব খাদ্য সংস্থা এসব এলাকার বাসিন্দাদের ছয় মাস খাদ্যসহায়তা দিলেও এ বছর কোনো সংস্থা এগিয়ে আসেনি।
উপজেলার সাজেকের হাইস্কুলপাড়ার বাসিন্দা ধজেং ত্রিপুরা (৫৫) বলেন, ‘পরিবারের চার সদস্য নিয়ে না খেয়ে আর কতদিন থাকব? দুই দিন পেটে ভাত পড়েনি। জঙ্গলের ফলমূল ও শাকপাতা খেয়ে দিন কাটছে।’ ওই পাড়ায় আট থেকে দশ পরিবারের সবার অবস্থাই এমন। পাশের এলাকা দক্ষিণ কংলাকপাড়ায়ও এমন খাদ্যাভাব চলছে।
স্থানীয় আদিবাসীরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় আয়ের উৎস জুম চাষ, বাঁশ ও কাঠ আহরণ। প্রাকৃতিক পরিবেশ বদলে যাওয়ার কারণে আগের মতো জুমের ফসল উৎপাদন হয় না। সরকারিভাবে বাঁশ কাটা বন্ধ রাখার ঘোষণায় আয়ের উৎসও কমে গেছে আদিবাসীদের। সম্প্রতি এলাকাগুলোতে ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাদ্যসংকট তীব্র আকার ধারণ করায় গত ২৭ মে প্রত্যন্ত গ্রামের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সংবাদ সম্মেলন করেছিলেন। এর পর খাদ্যসংকট মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এলাকাগুলোতে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলালা চাকমা বলেন, এখানে আয়ের উৎস জুম চাষ। বর্তমানে জুম চাষ করে সর্বোচ্চ পাঁচ মাসের খাদ্য পাওয়া যায়। বর্ষা মৌসুমে পাহাড়ে চরম খাদ্যসংকট দেখা দেয়। গত বছর বিশ্ব খাদ্য কর্মসূচি ছয় মাস খাদ্য সরবরাহ করে। এ বছর এখনো কোনো সংস্থা উদ্যোগ নেয়নি।
খাদ্যসংকট তদন্ত কমিটি আহ্বায়ক ও উপজেলা এলজিইডির প্রকৌশলী মুহাম্মদ জিয়াউল হক বলেন, ‘তদন্তের পর খাদ্যসংকটের বিষয়টি সঠিক বলে প্রমাণ পাওয়া গেছে। আমরা এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকতা সুমন চৌধুরী বলেন, ‘তদন্ত প্রতিবেদন ও অভাবগ্রস্ত পরিবারগুলোর তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো উত্তর পাইনি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদে বরাদ্দ না থাকায় উপদ্রুত এলাকায় খাদ্য–সহায়তা দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে জেলা প্রশাসককেও জানানো হযেছে।