না থেকেও আছেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন। ১৪ এপ্রিল যে নির্বাচন হতে যাচ্ছে, তা প্রায় দুই দশকের মধ্যে হুগো চাভেজহীন প্রথম নির্বাচন। তবে ব্যালট পেপারে নাম না থাকলেও চাভেজ ও তাঁর আদর্শ নির্বাচনে ভালোরকম প্রভাব বিস্তার করবে বলেই মনে করেন বিশ্লেষকেরা। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থী বেছে নেওয়া অনেক ভোটারের জন্যই অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন কাজ হবে বলে মনে করেন কেউ কেউ। তবে চাভেজভক্তরা যে তাঁর বেছে নেওয়া উত্তরসূরি নিকোলাস মাদুরোকেই ভোট দেবেন তা একরকম নিশ্চিত।অনেক বছর ধরে চাভেজ সরকারের সঙ্গে যুক্ত ছিলেন রাজধানী কারাকাসের সমবায় নেতা জুডিথ ভেগাস। প্রিয় নেতা নেই। তাই তাঁর বেছে নেওয়া উত্তরসূরি নিকোলাস মাদুরোকেই ভোট দেবেন জুডিথ ভেগাস। তিনি বলেন, ‘আমরা মাদুরোকেও ভালোবাসব। চাভেজের অনুপস্থিতির মানে এই নয় যে, সবকিছু এখানেই থেমে যাবে। চাভেজ আমাদের হূদয়েই আছেন।’মাদুরোর প্রতি ভেগাসের সমর্থন অবশ্য পুরোপুরি নিঃশর্ত নয়। তিনি বলেন, ‘আমরা মাদুরোকে বিশ্বাস করি না তা নয়। তবে তাঁকে অবশ্যই নিষ্ঠার সঙ্গে চাভেজের পদাঙ্ক অনুসরণ করতে হবে। যাতে বিপ্লব অব্যাহত থাকে।’ সতর্ক করে দিয়ে ভেগাস বলেন, মাদুরো তা করতে ব্যর্থ হলে জনগণ তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। নিকোলাস মাদুরোর নির্বাচনী প্রচারণা দলের অন্যতম নেতা জ্বালানিমন্ত্রী রাফায়েল রামিরেজ। এখনো চাভেজকে হারানোর শোক ভুলতে পারেননি। তাঁর মনে কোনো সন্দেহ নেই যে চাভেজের মৃত্যুতে বিশ্ব বিংশ ও একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাকে হারিয়েছে। ‘আমি টানা ১০ বছর তাঁর মন্ত্রী ছিলাম। প্রেসিডেন্ট চাভেজ কেবল আমাদের বস ও নেতাই ছিলেন না, তিনি আমাদের বন্ধুও ছিলেন’, বলেন রামিরেজ। রাফায়েল রামিরেজ নিশ্চিত যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল হবে গত অক্টোবরের নির্বাচনের মতোই। সে নির্বাচনে জিতেছিলেন চাভেজ। আর এবার জিতবেন মাদুরো। রামিরেজের মতে এবারের নির্বাচন হবে গণভোটের মতো। ভেনেজুয়েলার মানুষ চাভেজের আদর্শ অব্যাহত থাকুক সেটা চায় কি না চায়, তা-ই স্থির হবে নির্বাচনে। বিরোধী প্রার্থী এনরিকে ক্যাপরিলেসের জয়ের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেন রামিরেজ। তিনি বলেন, ‘ডানপন্থীরা আবারও দেশ পরিচালনায় আসবে তার কোনো সম্ভাবনা নেই। এই ব্যক্তির (ক্যাপরিলেস) সম্ভাবনা তারচেয়েও কম।’মাদুরোর বিরুদ্ধে লড়াই যে খুব সহজ হবে না, তা ভালোভাবেই জানে বিরোধী পক্ষ। তবে কথাবার্তায় নমনীয়তা দেখাচ্ছে না মোটেই। গত বছর চাভেজের বিরুদ্ধে যতটা ছিলেন, মাদুরোর বিরুদ্ধে তারচেয়েও বেশি আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছেন ক্যাপরিলেস। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে চাভেজ-উত্তর ভেনেজুয়েলায় বিরোধী দলের সম্ভাবনা নিয়ে কিছু কথা বলেছিলেন বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গণমাধ্যম ও সব সরকারি সম্পদের ওপর ১৪ বছর ধরে চাভেজ সরকারের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও সর্বশেষ নির্বাচনী লড়াইয়ে কিন্তু প্রায় অর্ধেক মানুষ তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। এতে প্রমাণ হয় ভেনেজুয়েলার জনগণ এই সরকারের সত্যিকারের চেহারা বুঝে গেছে।’নির্বাচনী প্রচারণায় পরস্পরের তীব্র নিন্দা করেছেন নিকোলাস মাদুরো ও এনরিকে ক্যাপরিলেস। প্রচারণা শুরুর প্রথম রাতেই বিরোধী দল-সমর্থক একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভাষণে ক্যাপরিলেস বলেন, চাভেজের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে জাতির কাছে মিথ্যা বলেছেন মাদুরো। চাভেজের মৃতদেহকে নির্বাচনী প্রচারণার অবলম্বন হিসেবেও ব্যবহার করছেন তিনি।ক্যাপরিলেসের ওই ভাষণের কয়েক মিনিট পরেই সরকারি টেলিভিশনে ভাষণ দেন নিকোলাস মাদুরো। লাল শার্ট পরিহিত মাদুরোর পেছনে ছিল হুগো চাভেজের ছবি। মাদুরো তাঁর ভাষণে অভিযোগ করেন, ক্যাপরিলেস ঘৃণায় উসকানি দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা সবাই একই পরিবারের সদস্য। হুগো চাভেজ আমাদের পিতা।’নিকোলাস মাদুরো যা-ই বলুন না কেন, বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর বক্তব্যে একটুও সত্যতা থাকলে মানতে হবে ভেনেজুয়েলার ভোটাররা আগের মতোই কমবেশি দ্বিধাবিভক্ত।  দাউদ ইসলাম