না বলাটাও জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কথায় আছে, কাউকে না বলা মোটেও সৌজন্যমূলক নয়। যেই কথা সেই কাজ। আপনি হয়তো প্রচলিত বাক্যটি মেনে চলছেন প্রাণপণে। আর বিনিময়ে ঝামেলায় পড়ছেন আপনি নিজেই। তাই বলে কি সব সময় হ্যাঁ বলবেন? নিজের সমস্যা সত্ত্বেও? মোটেও তা নয়। আর এ জন্যই প্রয়োজন ক্ষেত্রবিশেষে না বলার।

.
.

না বলা প্রয়োজন যখন
আপনার খুব কাছের বন্ধুটির দাওয়াতে না গেলেই নয়। এ জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনাও করে রেখেছেন। এদিকে আবার আপনার অফিসের অ্যাসাইনমেন্ট। কিংবা শত অনুরোধ সত্ত্বেও মা-বাবার কথা ফেলতে পারছেন না। নিজ পছন্দ বাদ দিয়ে মা-বাবার পছন্দের বিষয়টাই অবশেষে বেছে নিলেন বিশ্ববিদ্যালয়জীবনে। আবার এমনও দেখা যায়, পরিবারের কথায় বাধ্য হয়ে বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে। এদিকে পড়াশোনাটা শিকেয় তুলে রাখা হলো।
এমন হাজারো ঘটনা আমাদের সঙ্গে অহরহ ঘটে থাকে। মুখে হয়তো হ্যাঁ স্বীকার করে নিচ্ছেন। কিন্তু দিন শেষে কষ্টটাও পাচ্ছেন আপনি নিজেই। তাই নাহয় এবার সাহস সঞ্চয় করে বুঝিয়েই বলুন মনের কথাটি।
এ বিষয়ে কথা হয় কাউন্সেলর নুসরাত জাহানের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্রের (টিএসসি) সাবেক কাউন্সেলর নুসরাত জাহান বর্তমানে কাজ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাইকো-সোশ্যাল কাউন্সেলর হিসেবে। তিনি এ বিষয়ে বলেন, ‘হ্যাঁ বলাটা যেমন আমাদের জীবনে জরুরি, তেমনি জরুরি না বলাটাও। কেননা একটা সময় এসে যায় যখন আপনি অপর ব্যক্তিটিকে হ্যাঁ বলতে পারবেন না। আর বিষয়টা তখন আরও গুরুত্বসহকারে দেখতে হবে, যখন এটা আপনার নিজ সুবিধা-অসুবিধার সঙ্গে জড়িয়ে যায়।’
কীভাবে বলবেন
না তো বলবেন ঠিক আছে, কিন্তু কীভাবে বলবেন সেটাও একটি বিষয়। সবাইকে তো আর একইভাবে মানা করা সম্ভব নয়। তাই এ ক্ষেত্রে নুসরাত জাহান নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেন।

সবার আগেই যেটা করতে হবে তা হলো অপর ব্যক্তিটিকে বুঝিয়ে বলা। হোক আপনার প্রিয় বন্ধু, অফিসের সহকর্মী কিংবা আপনার পরিবার। যুক্তি দিয়ে স্পষ্ট ভাষায় বুঝিয়ে বলুন। দেখবেন বিষয়টি অনেকটাই সহজ হয়ে গেছে।

অন্যকে বুঝিয়ে বলার পাশাপাশি দরকার নিজেকে বোঝার। হয়তো আপনি মা-বাবার কথাটা নাকচ করে দিলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল আপনি নিজেই দ্বন্দ্বে পড়েছেন, কাজটি ঠিক করলেন কি না, এ বিষয়ে। তাই সবার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি আসলেই কী চান।

অনুরোধের কাজটি যদি নিজে না করতে পারেন, তাহলে চাইলে অন্য কারও কথাও জানাতে পারেন। দেখা গেল, বন্ধুমহলের অপর আরেক বন্ধু আপনার মতো বিশেষ কোনো কাজে পারদর্শী। সে ক্ষেত্রে আপনি বন্ধুটির কথা অনুরোধকারীকে জানাতে পারেন।

অনেক সময় এমন না বলার কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। নুসরাত জাহান বলেন, ‘একটা সম্পর্ক সব সময় একই রকম যায় না। আর অপর ব্যক্তিটি যদি আপনার ভালো বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই আপনার সমস্যা বুঝতে পারবেন।’

আপনার মতামত স্পষ্ট ভাষায় বুঝিয়ে বলুন। ‘আচ্ছা দেখি’, ‘হয়তো’ এভাবে এড়িয়ে যাওয়া কিংবা নিরুত্তর থাকার চেয়ে সরাসরি বলেই ফেলুন না। কেননা এমন শব্দ ব্যবহারে আপনার প্রতি বিশ্বস্ততা অনেকটাই কমে যেতে পারে।