বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম নয়টি গ্রামে হাজারো দরিদ্র মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানছড়ি উক্যজাই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ৮ জুন সকাল নয়টায় নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান মোরশেদ। বিকেল চারটা পর্যন্ত পাইনছড়ি, ওগ্যাইজা, হেডম্যানপাড়া, ধর্মছড়া, লম্বাফাঁড়ি, হরিণ খাইয়া, মেইনথংপাড়া, ইয়াংনিপাড়া ও ফোরকানপাড়া গ্রামের হাজারো নারী-পুরুষ ও শিশু চিকিৎসাসেবা নেয়।
মেইনথংপাড়া থেকে চিকিৎসা নিতে আসা গৃহবধূ মৌরি চাক জানান, দুর্গম এলাকা বলে এই গ্রামের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। চিকিৎসার অভাবে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। তা ছাড়া এখানকার বেশির ভাগ মানুষ অসহায় ও হতদরিদ্র। তাদের পক্ষে কক্সবাজার কিংবা চট্টগ্রাম গিয়ে চিকিৎসা করাও অসম্ভব। বিজিবির বিনা মূল্যের এই চিকিৎসাসেবায় তাদের দীর্ঘদিনের কষ্ট লাগব করল।
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. হাসান মোরশেদ বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। তাই বিজিবি এই সেবা দিয়ে আসছে। অনুষ্ঠানে ধর্মছড়া জামে মসজিদ, পানছড়ি মুসলিমপাড়া জামে মসজিদ, উক্যাজাই হেডম্যানপাড়া ক্যাং এবং স্থানীয় গরিব লোকজনের মধ্যে ১২ বান টিন ও শৌচাগার সামগ্রী এবং পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি ফুটবল বিতরণ করা হয়। এ ছাড়া ২০০১ সালে সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে পা হারানো আলী আহমদকে নগদ অর্থ তুলে দেওয়া হয়।