নাইক্ষ্যংছড়িতে চাক নেতা মংছা থোয়াই অং চাকের শেষকৃত্য
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাক সম্প্রদায়ের নেতা মংছা থোয়াই অং চাকের (৭৪) শেষকৃত্য অনুষ্ঠান ২২ মার্চ বিকেলে সম্পন্ন হয়েছে। স্থানীয় চাক সম্প্রদায়ের নারী–পুরুষ সমবেত হয়ে তাঁদের নেতাকে চিরবিদায় জানান। ২১ মার্চ রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মংছা থোয়াই পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি মৌজার হেডম্যান ছিলেন।
২২ মার্চ হেডম্যানপাড়ায় ধর্মীয় রীতি অনুযায়ী মংছা থোয়াই চাকের শেষকৃত্যে পরিবারের সদস্য, ভক্ত ও পাড়ার লোকজন অংশ নেন। বেলা সাড়ে তিনটায় হেডম্যানপাড়া শ্মশানে তাঁকে দাহ করা হয়।
এর আগে তাঁর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ, চাক সম্প্রদায়ের নেতা মংমং চাক, ছানু অং চাক প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি উফোছা মারমা, চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্যাউতিং চাক প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ বলেন, দেশের সবচেয়ে ছোট সম্প্রদায়ের এই চাকরা শুধু নাইক্ষ্যংছড়িতেই বসবাস করেন। সংখ্যায় তাঁরা চার হাজারের মতো। অভাব–অনটনের শিকার হলেও চাক সম্প্রদায় সাংস্কৃতিক ঐতিহ্যে সম্মৃদ্ধ।