নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধবিহারে হামলা, আতঙ্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা গ্রামে ইচ্ছাসহি বৌদ্ধবিহারে হামলা ও লুটের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন উপজেলার আরও ৪২টি বিহারকে নজরদারিতে রেখেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ সেপ্টেম্বর রাত একটার দিকে মুখোশধারী দুর্বৃত্তদের দল বৌদ্ধবিহারে ঢুকে বিহার অধ্যক্ষ বৈদ্যভান্তেকে মারধর করে রক্ষিত দেড় লাখ টাকা ও তাঁর মুঠোফোন নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২ নম্বর বিছামারা ওয়ার্ড সদস্য রবিসন বড়ুয়া বলেন, দুর্বৃত্তদের কিল ও ঘুষিতে বিহারাধ্যক্ষ আহত হয়েছেন। তাঁরা লোকজনের দানের টাকা লুটের আগে ছুরি ধরে বিহারাধক্ষ্যকে জিন্মি করেন। ছুরির আঘাতে তাঁর হাত ও শরীরে ক্ষত হয়। এই ঘটনার পর উপজেলার আরও ৪২টি মন্দির-বিহারের নিরাপত্তা নিয়ে সম্প্রদায়ের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার দিন ভোররাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করে। তাঁরা হলেন বিছামারা গ্রামের শামসুল আলম (১৮), আবুল কাসেম (৩৫), নুরুল হাকিম (৪০) ও নুর হোসেন (৩২)। তবে লুটকৃত টাকা ও মুঠোফোন উদ্ধার করা যায়নি।
ওসি আরও জানান, ২৯ সেপ্টেম্বর রামু বৌদ্ধপল্লিতে হামলার দুই বছর পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু তার আগে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকে ভীতিকর পরিস্থিতিতে রাখার কৌশল হিসেবে এই ঘটনা কি না, তার অনুসন্ধান চলছে। উপজেলার অন্যান্য বৌদ্ধবিহার পুলিশ ও বিজিবির নজরদারিতে রাখা হয়েছে।