নাইক্ষ্যংছড়িতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ সমাবেশ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী সমাবেশ ২০ নভেম্বর সদরের চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সমাবেশের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ ও নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোশারফ হোসেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম তৌহিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সৈয়দ প্রমুখ।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, ইয়াবা বড়ি তৈরি হচ্ছে মিয়ানমারে। কিন্তু পাচার হচ্ছে বাংলাদেশে। এসব সেবন করে দেশের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে লোকজনকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হলে ছেলেমেয়েদের বিয়ে দেওয়া যাবে না। কারণ বাল্যবিবাহ একটি মারাত্মক অপরাধ। —কক্সবাজার অফিস