নাইক্ষ্যংছড়িতে সাত দিনের বিদর্শন ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রজ্ঞামিত্র অরণ্যবিদর্শন ভাবনাকেন্দ্রে ধ্যানমগ্ন নারীরা l প্রথম আলো
প্রজ্ঞামিত্র অরণ্যবিদর্শন ভাবনাকেন্দ্রে ধ্যানমগ্ন নারীরা l প্রথম আলো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের প্রজ্ঞামিত্র অরণ্যবিদর্শন ভাবনাকেন্দ্রে গত ২৯ সেপ্টেম্বর সাত দিনের বিদর্শন ভাবনা কর্মসূচি শেষ হয়েছে। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ছাড়াও কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী কয়েক শ নারী-পুরুষ এতে অংশ নেন। 
কেন্দ্রের প্রধান শীলমিত্র ভিক্ষু বলেন, ‘ধ্যান ছাড়া জ্ঞান হয় না। মানুষের মধ্যে নিজেকে জানার জন্য জ্ঞান দরকার। কিন্তু সবাই শুধু মন পেতে চায়। এই চাওয়া-পাওয়া থেকেই লোভ, মোহ, হানাহানি, খুন, অপহরণ, ধর্ষণের সৃষ্টি হয়। এসব অপকর্ম থেকে মানুষষের মনকে শুদ্ধ করতেই মূলত এই ধ্যান বা বিদর্শন ভাবনা কর্মসূচির আয়োজন।’
সরেজমিনে গত ২৮ সেপ্টেম্বর সকালে গিয়ে দেখা গেছে, অসংখ্য নারী-পুরুষ কেন্দ্রের ভেতরে সারিবদ্ধভাবে বসে ধ্যানে মগ্ন। পেছনে ৪০টি বেশি গৌতমবুদ্ধ মূর্তি সাজানো। কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রজ্ঞা করুণা ভিক্ষু জানান, ভোর তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত টানা এভাবে বিদর্শন ভাবনা চলতে থাকে। গত সাত দিনে বহু নারী-পুরুষ ধ্যানে বসে নিজেকে শুদ্ধ করেছেন। অনেকে পাপ কর্ম থেকে নিজেকে রক্ষা করতে পেরে খুশি।
কেন্দ্রের সহকারী পরিচালক অঞ্জুশ্রী বড়ুয়া বলেন, স্থানীয় মৃদুল বড়ুয়ার দানকৃত জমিতে ২০০৯ সালে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। পাহাড়চূড়ায় এটির অবস্থান বলে পানীয় জলের তীব্র সংকট রয়েছে। তা ছাড়া ভাবনাকেন্দ্রটি অরক্ষিত। সীমানা প্রাচীর নেই।