বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচটি গ্রামের ১২ ব্যক্তি দুই মাস ধরে নিখোঁজ। বিভিন্ন সময় মানব পাচারকারীরা মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে ট্রলারে করে পাচার করা হয় তাঁদের।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী গ্রামের কৃষক মো. হোসেন জানান, গত ৪ এপ্রিল রাতে একদল দুর্বৃত্ত তাঁর ছেলে মো. জামালকে অপহরণ করে টেকনাফ নিয়ে যায়। এরপর সেখান থেকে তাঁকে ট্রলারে তুলে দেওয়া হয়। ট্রলারে ওঠার সময় জামাল মুঠোফোনে এ খবর জানালেও পরে আর খোঁজ পাওয়া যায়নি। হোসেনের ধারণা, মানব পাচারকারীরা জামালকে থাইল্যান্ডের জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। অথবা ভাসমান ট্রলারে সে মানবেতর জীবন কাটাচ্ছে।
একই গ্রামের আবু শামা জানান, তাঁর ছেলে নুরুল ইসলামও পাচারকারীদের খপ্পরে পড়ে দুই মাস ধরে নিখোঁজ। সম্প্রতি আন্দামান সাগর থেকে উদ্ধার ৭৩৩ অভিবাসীর মধ্যে তাঁর ছেলে নুরুল ইসলামও আছে বলে তিনি জানতে পেরেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড সূত্র জানায়, বর্তমানে ট্রলার বোঝাই ওই ৭৩৩ অভিবাসীকে মিয়ানমারের মংডু শহরের বলিবাজারে রাখা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, এই দুজন ছাড়াও স্থানীয় চারটি গ্রামের আরও ১০ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন উপজেলার প্রধানঝিরি গ্রামের গোলাম হোসেনের ছেলে জালাল আহমদ, মৃত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ, আশারতলী গ্রামের মৃত আলী আহমদ বলীর ছেলে মনসুর আলী, মোহাম্মদ শফির ছেলে ফরিদুল আলম, নুরুল হকের ছেলে রহিম উল্লাহ, মনির আহমদের ছেলে আবদুচ্ছবি, আবুল হোসেনের ছেলে আমিন উল্লাহ, বেলায়েত আলীর ছেলে শামসুল আলম ও বটতলী গ্রামের নুরুল আলমের ছেলে মো. মুজিব।
আশারতলী গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুর হোসেন ও সোনাইছড়ি ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ৫ ও ৬ জুন নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক আজম খান ও ফরিদুল আলম এলাকায় অনুসন্ধান চালিয়ে নিখোঁজ ১২ ব্যক্তির নাম ঠিকানা তালিকাভুক্ত করেন। জানতে চাইলে উপপরিদর্শক আজম খান জানান, তিনি এলাকায় অনুসন্ধান চালিয়ে নিখোঁজ ছয় ব্যক্তি ও ফরিদুল আরও ছয় ব্যক্তির সন্ধান পেয়েছেন। এখন মানব পাচারকারীদের ধরার চেষ্টা চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, নাইক্ষ্যংছড়ির কয়েকটি গ্রামে পুলিশের তালিকাভুক্ত ৪৭ জন মানব পাচারকারী দালাল রয়েছে। যারা মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও স্থানীয় গরিব লোকজনকে মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে নৌকায় তুলে থাইল্যান্ডের জঙ্গলে পাচার করছে। আত্মগোপনে থাকায় তাদের ধরা যাচ্ছে না।