নাইক্ষ্যংছড়ি থানার ওসির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হকের বিরুদ্ধে নন জুডিশিয়াল খালি স্ট্যাম্পে জোর করে সই ও চেক আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বান্দরবান মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করা হয়েছে। ১৬ আগস্ট ব্যবসায়ী মোহাম্মদ এমদাদ মিয়া এ মামলা (পিটিশন মামলা নম্বর-৫৪/২০১০) দায়ের করেন। তিনি রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের মাওলানা আলী আহমদের ছেলে। মামলায় নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার মৃত আলী বকসুর ছেলে আলী হোসেনকেও অভিযুক্ত করা হয়। মামলার আরজিতে বলা হয়েছে, গত ৩০ জুলাই নাইক্ষ্যংছড়ি থানার সামনে দিয়ে যাওয়ার সময় আলী হোসেনের সহযোগিতায় ওসি জহিরুল হক এমদাদ মিয়াকে (বাদী) থানায় ধরে নিয়ে যান। সেখানে তাঁর কাছ থেকে জোর করে দেড় শ টাকার ননজুডিশিয়াল খালি স্ট্যাম্পে সই এবং এক লাখ টাকার একটি চেক নিয়ে নেন। এ সময় সই দিতে না চাইলে এমদাদকে ডাকাতি ও অস্ত্র মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। আরজিতে আরও বলা হয়েছে, ওসি জহিরুল হক ২ নম্বর বিবাদী আলী হোসেনের মাধ্যমে প্রভাবিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করলে নাইক্ষ্যছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’ মামলা দায়েরের ব্যাপারেও তিনি কিছু জানেন না বলে জানান।