নাইক্ষ্যংছড়ি দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে। বিজিবি সদস্যরা গত জানুয়ারি মাসে ৫০৬ রোহিঙ্গাকে আটক করলেও অনেকে নানা কৌশলে ঢুকে পড়ছে। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় লোকজন। কক্সবাজারের ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বিজিবি টহল দলের গতিবিধি দেখে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবি ঘুমধুম ও তুমব্রু এলাকার মধ্যবর্তী স্থানে একাধিক চৌকি নির্মাণ করছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীপক বড়ুয়া বলেন, অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে রোহিঙ্গারা ধরা পড়ে ফিরে গেলেও অনেকে রাতের বেলায় বাংলাদেশ অনুপ্রবেশ করে পাহাড়-জঙ্গলে আশ্রয় নিচ্ছে। বিজিবি সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি সকালে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। একই সময় তুমব্রু সীমান্ত দিয়ে আটক করা হয়েছে ১৮ রোহিঙ্গাকে। গত ৩০ ও ৩১ জানুয়ারি এই দুই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক করা হয় আরও ৭১ রোহিঙ্গাকে। জানা যায়, গত বছরে অক্টোবর মাস থেকে এই সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের সূচনা। ওই মাসে বিজিবি আটক করে ১৬৬ রোহিঙ্গাকে। সেপ্টেম্বর মাসে আটক হয় ৪৫৭ জন। নভেম্বর মাসে ৬৯২ জন। লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজন সক্রিয় না হলে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সম্ভব নয়।