নাইক্ষ্যংছড়িতে চালু হচ্ছে বিজিবির সীমান্ত ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শিগগির চালু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত ব্যাংকের শাখা। এর মাধ্যমে মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার লোকজনের জীবনমানের উন্নয়ন ঘটবে। সব নাগরিক সহজ শর্তে ক্ষুদ্র ঋণ পাবে, যা দিয়ে মাছ চাষ, কৃষিতে সেচ প্রদান, ফলদ ও বনজ বাগান সৃজনসহ নানা কাজ করা যাবে।

 ১৩ মার্চ সকালে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. আনোয়ারুল আযীম এসব কথা বলেন। তিনি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

মো. আনোয়ারুল আযীম বলেন, এ ব্যাংক পাবলিক সেক্টরের জন্য এক নবযাত্রার সূচনা করতে যাচ্ছে, যা বিজিবি সদস্যদের দীর্ঘদিনের একটি স্বপ্নপূরণ করবে। বিজিবির সদস্যরা ব্যাংক থেকে সহজে ব্যাংকিং সেবা পাবেন। ভবিষ্যতে বিবাহ ঋণ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মতো প্রান্তিক ও সীমান্তবাসীর উন্নয়নেও ব্যাংকটির পক্ষ থেকে ঋণ সহায়তা দেওয়া হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী ও নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির।

বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব মো. ইমরান, নাইক্ষ্যংছড়ি বাজার সমিতির সভাপতি নুর আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন, জিপ-মিনিবাস চালক সমিতির সভাপতি হারুনুর রশিদ, সিএনজি চালক সমিতির সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।