নাইক্ষ্যংছড়িতে ছয় গ্রামে ডায়রিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়ি ইউনিয়নের রেংধুইপাড়া, ফরহানপাড়া, ধর্মছড়া, কুরিখ্যং, পাইনছড়ি ও নরওয়াপাড়ায় ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ৮০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩-৬ এপ্রিল চার দিনে দুই পাড়ায় মারা গেছেন শিশুসহ পাঁচজন। তাঁরা হলেন ফরহানপাড়ার ম্যানথয় ম্রোর স্ত্রী চংওয়াই ম্রো (২৯), লংথংয়ের স্ত্রী তক তক ম্রো (২০), লিংওয়াই ম্রোর স্ত্রী চংক্রাক ম্রো (৩৫), ধনজয় ম্রোর ছেলে পারুই ম্রো (৭) ও রেংধুইপাড়ার এক শিশু। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, সমপ্রতি বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢল নেমে বাঁকখালী ও দোছড়ি খালের পানি দূষিত হয়ে যায়। ওই পানি পান করায় ইউনিয়নের ছয় গ্রামে ডায়রিয়া ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত মঙ্গলবার থেকে তিনটি চিকিৎসকদল মাঠে কাজ করছে। তাঁরা আক্রান্তদের খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছেন। চিকিৎসক দলের সদস্য পল্লব বড়ুয়া জানান, রেংধুইপাড়ায় ১২টি ঘর আছে। দুইপাড়ায় মিলে মানুষ হবে প্রায় ১০০ জন। তাঁদের অর্ধেকই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ২০ জনের অবস্থা আশঙ্কাজনক হলেও পর্যাপ্ত খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের মাধ্যমে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও দুই-এক দিন লাগতে পারে। বাকি চার গ্রামেও ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান। চিকিৎসকদলের সদস্যরা জানান, গ্রামগুলো নাইক্ষ্যংছড়ি সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। প্রায় ২৫ কিলোমিটার পথ হেঁটে সেখানে পৌঁছতে দুই দিন সময় লাগে। কোনো নলকূপ না থাকায় ওই ছয় গ্রামের লোকজন পাহাড়ি উৎস থেকে পাওয়া খাল ও ছড়ার পানি পান করেন। দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিব উল্লাহ জানান, ডায়রিয়াপ্রবণ গ্রামগুলোতে পানীয়জলের সংকট প্রকট। মানুষ সচেতন না হওয়ায় অনেকেই পানি না ফুটিয়ে পান করছেন। খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি সরবরাহের দাবি জানান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ফরিদ উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চিকিৎসকদল ওই এলাকায় কাজ করবেন।